নেতানিয়াহু-আউন আলাপ নিয়ে ধোঁয়াশা: ইসরায়েলের দাবি নাকচ করল লেবানন

আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের মধ্যে সম্ভাব্য সরাসরি আলোচনা নিয়ে চরম নাটকীয়তা ও ধোঁয়াশা তৈরি হয়েছে।

ইসরায়েলি নিরাপত্তা পরিষদের সদস্য গিলা গামলিয়েল দেশটির আর্মি রেডিওকে জানিয়েছেন, দুই নেতা খুব শিগগিরই সরাসরি কথা বলবেন। দীর্ঘ চার দশকের বৈরিতা কাটিয়ে দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে এমন যোগাযোগকে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছিল।

তবে ইসরায়েলের এই দাবিকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, লেবাননের একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এই খবরের সত্যতা অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, এমন কোনো আলোচনার বিষয়ে লেবানন কর্তৃপক্ষের কাছে কোনো তথ্য নেই।

একদিকে ইসরায়েলি পক্ষ থেকে আলোচনার জোরালো ইঙ্গিত দেওয়া হলেও বৈরুতের এই অস্পষ্ট অবস্থান কূটনৈতিক মহলে নতুন করে সংশয় জাগিয়ে তুলেছে। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে এই শীর্ষ বৈঠক সত্যিই অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে এখন বিশ্বজুড়ে ধোঁয়াশা কাটছে না।

এদিকে, দীর্ঘ চার দশকের অচলাবস্থা ভেঙে আজ বৃহস্পতিবার সরাসরি কথা বলতে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। ইসরায়েলি এক কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই চাঞ্চল্যকর খবর নিশ্চিত করেছে। বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ডোনাল্ড ট্রাম্পও জানান, কয়েক দশকের মধ্যে এই প্রথম দুই দেশের শীর্ষ নেতারা একে অপরের সঙ্গে কথা বলবেন। চলতি সপ্তাহে ওয়াশিংটনে শুরু হওয়া দুই দেশের প্রত্যক্ষ আলোচনার ধারাবাহিকতায় এই ফোনালাপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

তবে এই কূটনৈতিক তৎপরতার মধ্যেই সীমান্তে উত্তেজনা ও সংঘাতের তীব্রতা কমেনি। আজ সকালেও দক্ষিণ লেবাননের জাহরানি নদীর দক্ষিণ দিকের বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়ার জন্য জরুরি সতর্কতা জারি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এক সতর্কবার্তায় তারা জানিয়েছে, নির্দিষ্ট সীমানার দক্ষিণে অবস্থান করা সাধারণ মানুষের জীবনের জন্য চরম ঝুঁকিপূর্ণ হতে পারে। অন্যদিকে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এক বিবৃতিতে দাবি করেছে, আজ ভোরে দক্ষিণ লেবাননের কানতারা শহরের কাছে ইসরায়েলি সেনাদের সঙ্গে তাদের সরাসরি বন্দুকযুদ্ধ হয়েছে।

বর্তমানে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যে ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি বজায় রয়েছে, মাঠপর্যায়ের এই সংঘাত তা নস্যাৎ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবারই ইসরায়েলি সূত্র জানিয়েছিল, দেশটির নিরাপত্তা পরিষদ লেবাননের সঙ্গে একটি সম্ভাব্য দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে।

একদিকে যুদ্ধের দামামা আর অন্যদিকে উচ্চপর্যায়ের এই ফোনালাপ—দুই মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি ফিরবে নাকি সংঘাত আরও ছড়িয়ে পড়বে, তা নিয়ে বিশ্বজুড়ে কৌতূহল তুঙ্গে।

সূত্র: সিএনএন, আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights