নেত্রকোনার জন্য ‘সুপ্ত আগ্নেয়গিরী’ হতে চান ডেপুটি স্পিকার

নেত্রকোনা প্রতিনিধি

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, নেত্রকোনার সার্বিক উন্নয়নে তিনি ‘সুপ্ত আগ্নেয়গিরী’র মতো ভূমিকা রাখতে চান।

আজ বৃহস্পতিবার বিকেলে নেত্রকোনা সার্কিট হাউস মিলনায়তনে জেলা কোর কমিটির সভায় তিনি এ কথা বলেন। সভায় জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সঞ্চালনায় কৃষি, পানি, বন, পরিবেশ, বিদ্যুৎ, সড়ক, শিক্ষাসহ ১৫টি দপ্তরের প্রধানরা জেলার সমস্যা, সম্ভাবনা ও চলমান কার্যক্রম তুলে ধরেন।

দপ্তরগুলোর উপস্থাপনা শেষে ডেপুটি স্পিকার বলেন, জেলার সব সংসদ সদস্যকে একসঙ্গে বসে উন্নয়ন পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। তিনি নিজেও প্রচারের আড়ালে থেকে জেলার মানুষের জন্য কাজ করতে চান।

দুর্গাপুর-কলমাকান্দা অঞ্চলের পাহাড়, বন, পরিবেশ ও নদী সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘আগ্নেয়গিরী তিন ধরনের—মৃত, সুপ্ত ও জীবন্ত। নেত্রকোনার উন্নয়নের প্রশ্নে আমি সুপ্ত আগ্নেয়গিরীর মতো। সবাইকে নিয়ে জীবন্ত থাকতে চাই।’

শিক্ষার মানোন্নয়নে শুধু সরকারের ওপর নির্ভর না করে স্থানীয়ভাবে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে থেকে জনগণের কল্যাণে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কোনো রাজনৈতিক আদর্শ নয়, কর্মক্ষেত্রে নিরপেক্ষতা ও আন্তরিকতাই হওয়া উচিত প্রধান বিবেচ্য।

তিনি আরও বলেন, অতীতে শিক্ষাব্যবস্থায় দক্ষতা উন্নয়নের পরিবর্তে অপ্রয়োজনীয় প্রশিক্ষণে গুরুত্ব দেওয়া হয়েছিল। বর্তমানে সহশিক্ষা কার্যক্রমে গুরুত্ব দেওয়ায় শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশের সুযোগ তৈরি হচ্ছে।

এ সময় তিনি বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights