নেপালের পর্বতশৃঙ্গ জয় করে নামার পথে মার্কিন পর্বতারোহীর মৃত্যু

অনলাইন ডেস্ক
নেপালের এভারেস্ট অঞ্চলের মেরা পিক পর্বতশৃঙ্গ জয় করে নিচে নামার পথে ৬৬ বছর বয়সী এক মার্কিন পর্বতারোহীর মৃত্যু হয়েছে। নিহত পর্বতারোহীর নাম রিচার্ড কার্লোস স্কিডমোর। ৬ হাজার ৪৭৬ মিটার উচ্চতার এই শৃঙ্গ থেকে নামার সময় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

সোলুখুম্বু জেলা পুলিশ ও স্থানীয় প্রশাসন জানায়, রিচার্ড কার্লোস স্কিডমোর শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে পূর্ব নেপালের মেরা পিকের চূড়ায় পৌঁছান। সেখান থেকে নামার পথে তিনি প্রায় ৫ হাজার ৮০০ মিটার উচ্চতায় অবস্থিত হাই ক্যাম্পে রাত কাটান।

সোলুখুম্বু জেলার সহকারী প্রধান জেলা কর্মকর্তা ভূপেন্দ্র থাপা বার্তা সংস্থা এএফপিকে জানান, রোববার সকালে ওই হাই ক্যাম্পের একটি তাঁবুর ভেতর থেকে স্কিডমোরের মরদেহ উদ্ধার করা হয়। ওই দিন বিকেলেই হেলিকপ্টারে করে আইনি প্রক্রিয়ার জন্য লুকলা হয়ে তার মরদেহ রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন ইউনিভার্সিটি টিচিং হাসপাতালে নেওয়া হয়েছে।

ভূপেন্দ্র থাপা বলেন, ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিক ধারণা অনুযায়ী উচ্চতাজনিত অসুস্থতা বা হৃদরোগে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, স্কিডমোরের হিমালয় অঞ্চলে পর্বতারোহণের পূর্ব অভিজ্ঞতা ছিল; তিনি এর আগে ২০২৪ সালে লোবুচে পিক জয় করেছিলেন।

বিশ্বের সর্বোচ্চ ১৪টি পর্বতশৃঙ্গের মধ্যে আটটিই নেপালে অবস্থিত। দেশটির অর্থনীতির জন্য বিদেশি পর্বতারোহীরা রাজস্বের অন্যতম বড় উৎস। গত আগস্টে নেপালে ভয়াবহ বন্যার পর এই খাত নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে অভিযান আয়োজকেরা জানিয়েছেন, বেশির ভাগ পর্বতারোহীই তাদের সফর বাতিল করেননি।

হিমালয়ে বসন্তকালীন অভিযানের তুলনায় শরৎকালীন অভিযান সাধারণত কম জনপ্রিয়। এ সময় দিন ছোট ও ঠান্ডা বেশি থাকে, পথ তুষারাবৃত থাকে এবং শৃঙ্গে আরোহণের উপযুক্ত সময়ও কম পাওয়া যায়। চলতি মৌসুমে নেপাল ৯টি শৃঙ্গের জন্য পাঁচ শতাধিক অনুমতিপত্র ইস্যু করেছে, যা বসন্তকালীন মোট অনুমতিপত্রের প্রায় অর্ধেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights