নেপালের সেনাবাহিনীর ‘জেনারেল’ হলেন ভারতীয় সেনাপ্রধান

অনলাইন ডেস্ক

নেপালের সেনাবাহিনীর সম্মানসূচক ‘জেনারেল’ পদমর্যাদা পেয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ। সোমবার (১৭ আগস্ট) কাঠমান্ডুর শীতল নিবাসে এক অনুষ্ঠানে নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল তাকে এই সম্মানসূচক পদমর্যাদা দেন।

দুই দেশের সেনাপ্রধানকে পরস্পরের সম্মানসূচক জেনারেল পদমর্যাদা দেওয়ার দীর্ঘদিনের রীতির অংশ হিসেবে জেনারেল শেঠকে এ সম্মান দেওয়া হয়েছে। ১৯৫০ সালে এই প্রথা চালুর পর থেকে ভারত ও নেপাল একে অপরের সেনাপ্রধানকে সম্মানসূচক জেনারেল পদমর্যাদা দিয়ে আসছে।

নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে বর্তমানে নেপালে রয়েছেন জেনারেল শেঠ। সফরে তিনি নেপালের সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেন। সেখানে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং সামরিক সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়।

নেপালের প্রেসিডেন্টের সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মাননা প্রদান অনুষ্ঠানে দেশটির ভাইস প্রেসিডেন্ট রাম সাহায় প্রসাদ যাদব, পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল, নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব এবং নেপাল সেনাবাহিনী ও সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে রবিবার নেপালে পৌঁছান জেনারেল শেঠ। ভারতীয় দূতাবাস জানিয়েছে, তার এ সফরের মধ্য দিয়ে ভারত ও নেপালের দীর্ঘদিনের বিশেষ প্রতিরক্ষা সম্পর্কের বিষয়টি আরও জোরালো হয়েছে। দুই দেশের অভিন্ন মূল্যবোধ, পারস্পরিক আস্থা ও দীর্ঘদিনের সামরিক সম্পর্কের ভিত্তিতে এ প্রতিরক্ষা সহযোগিতা গড়ে উঠেছে।

সফরকালে জেনারেল শেঠ ভারতীয় রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তবের সঙ্গেও সাক্ষাৎ করেন। এ সময় ভারত ও নেপালের সামগ্রিক সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া সোমবার নেপাল সেনাবাহিনীর কাছে সামরিক ও চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন জেনারেল শেঠ। পরে সেনা সদর দপ্তর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন এবং গার্ড অব অনার গ্রহণ করেন।

নেপাল সেনাবাহিনী জানিয়েছে, জেনারেল ধীরাজ শেঠের এই সফর দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও জোরদার করবে বলে তারা আশা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights