পদ্মার এক ইলিশের দাম ১১ হাজার টাকা

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর পদ্মা নদীতে ধরা পড়েছে ১ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি ইলিশ। মাছটি বিক্রি হয়েছে ১১ হাজার টাকায়। শনিবার ভোরে দৌলতদিয়া পদ্মা নদীর মোহনায় মাছটি ধরা পড়ে।

জানা গেছে, দৌলতদিয়া ইউনিয়নের জেলে মিরাজ মধ্যরাতে পদ্মায় ইলিশ ধরার জাল ফেলেন। শনিবার ভোরে জাল তুলতেই জালে বড় আকৃতির একটি ইলিশ মাছ ধরা পড়ে। পড়ে আড়তে মাছটির ওজন দেওয়া হয়। সেখানে ইলিশের ওজন হয় ১ কেজি ৯০০ গ্রাম। মিরাজ মাছটি বিক্রির জন্য বাবু সরকারের আড়তে তোলেন।

দৌলতদিয়া ফেরিঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের স্বত্বাধিকারী মো.শাহজাহান বলেন, সকালে দৌলতদিয়া মৎস্য আড়তের বাবু সরদারের আড়তে ১ কেজি ৯০০ গ্রাম ওজনের মাছের নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে ৫ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ১১ হাজার টাকায় মাছটি আমি ক্রয় করেছি। সামান্য লাভে মাছটি ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছি।

জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, নদীতে নিয়মিত অভিযানের কারণে পদ্মায় বেশ কিছু বড় মাছ পাওয়া যাচ্ছে। জেলেরা বেশ সচেতন হয়েছে। ১ কেজি ৯০০ গ্রাম ওজনের ইলিশ মাছটি মৎস্য বিভাগের জন্য সুসংবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights