পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার কঠিন প্রতিদ্বন্দ্বিতায়
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী-৬ আসনে এবারও নৌকা পেয়েছেন তিনবারের এমপি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তার শক্ত প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা রাহেনুল হক রায়হান। তার পাশে আছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলু, বাঘার পৌর মেয়র আক্কাস আলী এবং পাকুড়িয়া ইউপি চেয়ারম্যন ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম। স্থানীয়ভাবে জানা গেছে, এবার শক্ত প্রতিযোগিতার মুখে পড়তে হবে আওয়ামী লীগ প্রার্থী শাহরিয়ার আলমকে। তবে এলাকায় শাহরিয়ার আলমের করা উন্নয়নের কাছে অন্য প্রার্থীদের প্রচার কতটা ধোপে টিকবে, তাই দেখার বিষয়। এ আসনের কোনো না কোনো এলাকায় প্রতিদিন নৌকা বা স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি অফিসে চোরাগোপ্তা হামলা হচ্ছে। ৩ লাখ ৪০ হাজার ভোটারের এই আসনটিতেও ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নৌকার প্রার্থী শাহরিয়ার আলম বলেন, ২০১৪ সালে রাজশাহীর অনেক আসনে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। তখনো আমাকে প্রতিযোগিতা করতে হয়েছে। এখন যিনি প্রার্থী, তিনি তখনো ছিলেন। ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে বিএনপি ছিল। প্রতিটি নির্বাচনেই আমাকে প্রতিযোগিতা করতে হয়েছে। বাঘা-চারঘাটের মানুষ আগের তিনবার আস্থা রেখেছেন। এবারও রাখবেন। স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হক বলেন, প্রতিমন্ত্রীর আশপাশের লোকজন মামলা দিয়ে দলীয় নেতা-কর্মীদের হয়রানি করেছেন। ফলে এবার মানুষ ঘুরে দাঁড়িয়েছে।
