পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই: আলতাফ হোসেন চৌধুরী
পটুয়াখালী প্রতিনিধি
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাঠালতলীর আখতার হোসেন চৌধুরী মেমোরিয়াল কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে কলেজ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন কলেজের প্রতিষ্ঠাতা, পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য এবং সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলতাফ হোসেন চৌধুরী বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
তিনি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং সেগুলোর যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মানিকুর রহমান ছিদ্দিকের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজের আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এইচ এম নুরুল হক, সহকারী অধ্যাপক শাহনাজ পারভীন, সহকারী অধ্যাপক মোঃ মজিবুর রহমান, লুৎফর রহমান খান, সোহেল মাহমুদ, এইচ এম শাহীন, সুনীল চন্দ্র দাস, রফিকুল ইসলাম, অহিদুজ্জামান, এফ এম মাসুদুর রহমানসহ শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
কর্মসূচির অংশ হিসেবে কলেজ প্রাঙ্গণে ভিয়েতনাম ও মালয়েশিয়ার উন্নত জাতের ৫০টি নারিকেল গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচির শেষে দেশের সার্বিক কল্যাণ, পরিবেশ রক্ষা এবং কলেজের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
