‘পরিস্থিতি স্বাভাবিক হলে পাহাড়ে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে’
রাঙামাটি প্রতিনিধি
পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক থাকলে পর্যটক ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে মন্তব্য করেছেন রাঙামাটি জেলা প্রশাসক মোশারফ হোসেন খান।
তিনি বলেন, পাহাড় শান্ত রাখার দায়িত্ব পাহাড়ের মানুষের। যারা এখানে থাকেন তাদের মধ্যে শান্তি সম্প্রীতির মিলবন্ধন আরও মজবুত করতে হবে। বিশেষ করে যারা পর্যটন ব্যবসার সাথে যুক্ত তাদেরও দায়িত্ব রয়েছে পর্যটকদের সন্তুষ্ট করার। পর্যটকরা যাতে পাহাড়ে এসে আনন্দ পায়ে সে বিষয়টি মাথায় রেখে পর্যটন কেন্দ্রগুলো ঢেলে সাজাতে হবে। পাহাড়ের পর্যটন সম্ভাবনাকে আরও তরান্বিত করতে সবাইকে শান্তি সম্প্রীতি বজায় রেখে কাজ করার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার দুপুরে রাঙামাটি বার্গি লেক ভ্যালির সম্মেলন কক্ষে স্থানীয় ১৪টি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে অংশীজনের সাথে মতবিনিময় সভায় রাঙামাটি জেলা প্রশাসক মোশারফ হোসেন খান এসব কথা বলেন।
রাঙামাটি জুমকিং ইকো রিসোর্টের পরিচালক তনয় দেওয়ানের সভাপতিত্বে এতে রাঙামাটি জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, রাঙামাটি স্থানীয় সরকার পরিষদের উপ-পরিচালক নাসরিন সুলতানা, রাঙামাটি লঞ্চ মালিক সমিতি সভাপতি ও আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মাইনুদ্দিন সেলিম, ফিসারিঘাট ট্যুরিস্ট বোট মালিক সমিতির সভাপতি এম কামাল উদ্দীন আকাশ, বার্গি লেক ভ্যালি পরিচালক বাপ্পী তংচঙ্গ্যা উপস্থিত ছিলেন।
রাঙামাটি জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বলেন, পর্যটকদের নিরাপত্তা দিতে ট্যুরিস্ট পুলিশ সব সময় প্রস্তুত রয়েছে। পর্যটন কেন্দ্রগুলোতে ট্যুরিস্ট পুলিশের নজরদারি রয়েছে। পাহাড়ে এখন পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে। তাই পর্যটক আগমন বন্ধ। তবে এটা শুধু রাঙামাটির জন্য নয়। অপর দু’পার্বত্য জেলার জন্যও এ নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। সব কিছু ঠিক থাকলে আবারও পর্যঠক আসবে পাহাড়ে। তাদের নিরাপত্তার জন্য পর্যটন কেন্দ্রগুলোতে ট্যুরিস্ট পুলিশ থাকবে।
