পর্যটকবরণে প্রস্তুত সিলেট
শাহ্ দিদার আলম নবেল, সিলেট
এবার ঈদুল ফিতরের ছুটি টানা সাত দিন। দীর্ঘ এ ছুটিতে সবাই বাড়ি যাবে না। ভ্রমণপিয়াসীরা ছুটবে প্রকৃতির কাছে। আর ঈদ কিংবা যেকোনো ছুটিতে সিলেটে ঢল নামে পর্যটকের। এবার লম্বা সময় ছুটি থাকায় লাখো পর্যটক সমাগমের প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীরা।
অতিথিবরণে সিলেটের সব ব্যবসায়ী তাঁদের হোটেল-মোটেল সংস্কার ও সাজসজ্জা করে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেছেন। ইতোমধ্যে মানসম্পন্ন বেশির ভাগ হোটেলের প্রায় শতভাগ রুম ভাড়া হয়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পাহাড়, নদী, ঝরনা, বিস্তীর্ণ চা-বাগানসহ অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে প্রতি বছর ঈদের ছুটিতে অসংখ্য পর্যটক ছুটে আসেন সিলেটে। প্রাকৃতিক দুর্যোগ ও রাজনৈতিক অস্থিরতার কারণে কয়েক বছর ধরে সিলেটে কাক্সিক্ষত পর্যটকের দেখা মেলেনি। এতে লোকসান গুনতে হয়েছে ব্যবসায়ীদের। এবার পরিস্থিতি ভিন্ন। দেশে নির্বাচিত সরকার। রাজনৈতিক পরিস্থিতিও স্থিতিশীল। তাই ব্যবসায়ীরা এবার লোকসান কাটিয়ে লাভের আশায় পর্যটকবরণের প্রস্তুতি নিয়ে বসে আছেন।
সিলেটের পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, এবার ঈদের ছুটিতে পর্যটকের ঢল নামার সম্ভাবনা দেখছেন তাঁরা। ইতোমধ্যে ঈদের ছুটিজুড়ে বেশির ভাগ হোটেলের শতভাগ রুম বুকিং হয়ে গেছে। সেবা দিয়ে পর্যটকদের সন্তুষ্ট রাখতে বেশির ভাগ হোটেল কর্তৃপক্ষ নিজেদের প্রতিষ্ঠানে সংস্কারকাজ করিয়েছেন। কেউ কেউ ফার্নিচার পাল্টেছেন, আবার কেউ সাজসজ্জায় এনেছেন পরিবর্তন। হোটেল মালিকদের পাশাপাশি রেন্ট-এ-কার প্রতিষ্ঠানগুলোও তাদের গাড়িগুলোর প্রয়োজনীয় মেরামত সেরে নিয়েছে। শেষবারের মতো একবার ওয়ার্কশপে নিয়ে গাড়ির ফিটনেস চেক করিয়ে নিয়েছেন।
