সেজেছে সাগরকন্যা কুয়াকাটা

উত্তম কুমার হাওলাদার, কলাপাড়া (পটুয়াখালী)

পর্যটক বরণে প্রস্তুত সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটা। ধোয়ামোছা এবং রংতুলির আঁচড়ে নতুন করে সাজানো হয়েছে হোটেল-মোটেল। সৈকতের ছাতার বেঞ্চে লেগেছে নতুনত্বের ছোঁয়া। ঈদের ছুটি সামনে রেখে ইতোমধ্যে শুরু হয়েছে অগ্রিম হোটেল বুকিং।

এদিকে রমজান মাসে পর্যটক সমাগম না থাকায় নীরবতায় কাটছে ব্যবসায়ীদের দিন। তবে ঈদের লম্বা ছুটিতে আগের সব রেকর্ড ভেঙে পর্যটকরা আসবেন এমনটাই মনে করছেন তারা।

স্থানীয়রা জানান, এ বছর রমজান মাসজুড়ে বন্ধ রয়েছে সব হোটেল-মোটেল। পর্যটকশূন্য রয়েছে দীর্ঘ ১৮ কিলোমিটার সৈকত। দীর্ঘদিন পর্যটকদের পদচারণ না থাকায় সৈকতের বালুচরে ডানা মেলেছে প্রকৃতি। গুল্মলতায় ছেয়ে গেছে সৈকতের অনেক স্থান। ফুটেছে নতুন ফুল। এ ছাড়া রয়েছে সাদা ঝিনুক এবং লাল কাঁকড়ার অবাধ বিচরণ। লাল কাঁকড়া যে কাউকে মুগ্ধ করবে। মোটকথা প্রকৃতি যেন হাতছানি দিয়ে ডাকছে পর্যটকদের।

ট্যুরিজম ব্যবসায়ী জনি আলম জানান, দীর্ঘ এক মাস পর্যটকশূন্য ছিল কুয়াকাটা। তবে ঈদের ছুটিতে পর্যটকদের ব্যাপক চাপ থাকবে। তাই আগেভাগেই হোটেল-মোটেলগুলো সাজিয়ে নিচ্ছেন মালিকরা।

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সেক্রেটারি আহাদুজ্জামান মিরাজ জানান, পর্যটকদের বরণে হোটেল-মোটেল কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ইতোমধ্যে অগ্রিম রুম বুকিংও হচ্ছে। আশা করি ঈদের লম্বা ছুটিতে রেকর্ডসংকট পর্যটক আগমন ঘটার সম্ভাবনা রয়েছে।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পুলিশ পরিদর্শক মো. নাজমুল আহসান জানান, বর্তমানে কুয়াকাটায় তেমন পর্যটকের ভিড় নেই। তবুও আমাদের টহল টিম সৈকতে দায়িত্ব পালন করছে। এ ছাড়া এবার ঈদের ছুটিতে ব্যাপক পর্যটকের আগমন ঘটবে। তাই আগতদের নিরাপত্তার জন্য আমাদের ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি থানা পুলিশ, নৌ-পুলিশ ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করবে। একই সঙ্গে পর্যটন স্পটগুলোতে বাড়তি নিরাপত্তার বাড়তি ব্যবস্থা জোরদার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights