সখীপুরে বনের ভেতর থেকে শিশুর লাশ উদ্ধার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের সখীপুরে অপহরণের তিন দিনের মাথায় বাড়ির পাশে এক বনের ভেতর থেকে সামিয়া (৯) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার দাড়িয়াপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। সে স্থানীয় মাঝিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এবং ওই এলাকার রঞ্জু মিয়ার মেয়ে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ জানায়, বুধবার দুপুরে স্কুল থেকে ফেরার পথে সামিয়া নিখোঁজ হয়। এ ঘটনায় শিশুর বাবা থানায় অভিযোগ করলে বৃহস্পতিবার মামলা নেওয়া হয়। শুক্রবার দুপুরে একটি বনের ভেতরে মাটি চাপা দেওয়া ওই শিশুর লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ওই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো স্কুল থেকে যথা সময়ে সামিয়া বাড়ি না ফিরলে তার মা তাকে খোঁজতে যায়। পথের মধ্যে তার ব্যবহৃত জুতা দেখে অন্যান্যদেরকে সামিয়ার কথা জিজ্ঞাস করে। তার বান্ধবীরা জানায় বাড়ি ফেরার পথে সবাই কেনা-কাটার জন্য একটি দোকানে দেরি করলে সামিয়া একাই বাড়ির দিকে রওনা হয়।
এ ঘটনার কিছুক্ষণ পর বাড়ির একটি মোবাইলে কে বা কারা পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে একটি অডিও মেসেজ দেয়। এ মেসেজ পাওয়ার পর থেকেই মানসিকভাবে অসহায় হয়ে ভেঙে পড়ে ওই পরিবার।

সখীপুর থানার ওসি রেজাউল করিম বলেন, স্থানীয় একটি বনের ভেতর থেকে শিশুর কঙ্কাল উদ্ধার করা হয়েছে। এ নিয়ে অইনগতভাবে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights