‘অসুস্থ’ ৮ মেডিকেল কলেজ
জয়শ্রী ভাদুড়ী
অব্যবস্থাপনা, সংকট, অনিয়মে বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে দেশের মেডিকেল শিক্ষার মান। মানসম্মত চিকিৎসা শিক্ষা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় জমি, অবকাঠামো, শিক্ষক, হাসপাতালের শয্যা ও শিক্ষা উপকরণের ঘাটতি রয়েছে আটটি বেসরকারি মেডিকেল কলেজে।
কোথাও কলেজের নামে প্রয়োজনীয় জমি নেই, কোথাও শিক্ষার্থীর তুলনায় হাসপাতালের শয্যা অপ্রতুল। শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, আর্থিক ব্যবস্থাপনা এবং সরকারি দপ্তরে প্রয়োজনীয় প্রতিবেদন পাঠানোর ক্ষেত্রেও অনিয়ম রয়েছে। দেশের আট বেসরকারি মেডিকেল কলেজ সরেজমিন পরিদর্শন করে এসব অনিয়ম ও সংকট খুঁজে পেয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের আটটি বেসরকারি মেডিকেল কলেজের পরিদর্শনসংক্রান্ত নথির তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ২০২৫ এবং ২০২৬ সালে এই মেডিকেল কলেজগুলো পরিদর্শন করা হয়েছে। মেডিকেল কলেজগুলো হলো উত্তরার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ, গুলশানের সাহাবউদ্দিন মেডিকেল কলেজ, তেজগাঁওয়ের এমএইচ শমরিতা মেডিকেল কলেজ, মুন্সিগঞ্জের বিক্রমপুর ভূইয়া মেডিকেল কলেজ, মিরপুরের মার্কস মেডিকেল কলেজ, ফরিদপুরের ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, শরীয়তপুরের মনোয়ারা সিকদার মেডিকেল কলেজ। এ ব্যাপারে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বেসরকারি মেডিকেল কলেজের অনিয়ম, অব্যবস্থাপনা, ঘাটতির বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন অনুযায়ী নিবন্ধন নবায়ন স্থগিত করা, শিক্ষার্থী ভর্তির সংখ্যা কমিয়ে দেওয়া কিংবা শিক্ষার্থী ভর্তি বন্ধ করা ব্যতীত বেশি কিছু করার নেই। গত বছর এরকম বেশ কিছু অনিয়মের কারণে দুটি বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। পরে তারা রিট করলে আদালত মন্ত্রণালয়ের আদেশ স্থগিত করায় শিক্ষার্থী ভর্তি হন ওই মেডিকেল কলেজগুলোতে।
তিনি আরও বলেন, স্বাস্থ্য শিক্ষার মান বজায় রাখতে এ বছরও মেডিকেল কলেজগুলোতে নতুন শিক্ষাবর্ষে ভর্তির সময় মন্ত্রণালয় থেকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হবে। এ ছাড়া আইনগতভাবেও নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এজন্য একটি আইন সংশোধন এবং আরেকটি ধারা প্রণয়নের কাজ চলছে।
গত ১২ জুলাই রাজধানীর উত্তরার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ পরিদর্শন করে কয়েকটি অনিয়ম ও ঘাটতির বিষয়ে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। মেডিকেল কলেজের একাডেমিক ভবন ও হাসপাতাল ভবনে বড় ধরনের জায়গার ঘাটতি রয়েছে। একাডেমিক ভবনে ফ্লোর স্পেসের ঘাটতি ৯১ হাজার ৯৫৪ বর্গফুট এবং হাসপাতাল ভবনে ১ লাখ ৯ হাজার ৯৩৬ বর্গফুট। পরিদর্শনে অ্যানাটমি বিভাগের ডিসেকশন রুমের আয়তন অপর্যাপ্ত এবং শ্রেণিকক্ষের সাউন্ড সিস্টেম ত্রুটিপূর্ণ পাওয়া গেছে। হাসপাতালে শয্যার ঘাটতি ২০০টি এবং রোগী ভর্তির ঘাটতি ২০ শতাংশ। শিক্ষক সংকটও রয়েছে কয়েকটি বিভাগে। সার্জারি, অফথ্যালমোলজি ও ফিজিক্যাল মেডিসিন বিভাগে প্রয়োজনীয় শিক্ষক নেই। নিউরোলজি বিভাগে রয়েছেন মাত্র একজন অধ্যাপক। শিক্ষক নিয়োগ ও পদোন্নতি প্রক্রিয়ায়ও অনিয়মের তথ্য পাওয়া গেছে। গভর্নিং বডির চেয়ারম্যানের মনোনীত শিক্ষক পদোন্নতি কমিটি ২০২৬ সালের ৩ মে ১৩ জন অধ্যাপক, ২১ জন সহযোগী অধ্যাপক ও ৩৩ জন সহকারী অধ্যাপককে পদোন্নতির সুপারিশ করে। কিন্তু কমিটি গঠনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুসরণ করা হয়নি। নিয়োগ কমিটিতে কোনো বহিঃসদস্য ছিলেন না এবং অনলাইনে পরীক্ষার মাধ্যমে নিয়োগ সম্পন্ন করা হয়। পরে গভর্নিং বডির ৮৬তম সভায় সুপারিশগুলো অনুমোদন করা হয়। এ ছাড়া গভর্নিং বডির চেয়ারম্যান লায়লা আরজুমান্দা মাসিক ৩ লাখ ৫০ হাজার টাকা সম্মানি নেন। ব্যাংক হিসাবে না নিয়ে নগদে সম্মানি গ্রহণের বিষয়টিকে বিধিবহির্ভূত ও আর্থিক ব্যবস্থাপনার ত্রুটি হিসেবে উল্লেখ করা হয়েছে।
৯ সেপ্টেম্বর গুলশানের সাহাবউদ্দিন মেডিকেল কলেজ পরিদর্শন করে বেশ কিছু অনিয়ম-ঘাটতি পেয়েছে। এর মধ্যে রয়েছে মেডিকেল কলেজ ও হাসপাতালের জমি যৌথ নামে। কলেজের একাডেমিক ভবনের জন্য ৮০ হাজার বর্গফুট ফ্লোর স্পেসের ঘাটতি রয়েছে। লাইব্রেরি অপরিসর এবং সেখানে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা নেই। পরিদর্শনে বিষয়ভিত্তিক শিক্ষকের ঘাটতি পাওয়া গেছে। হাসপাতালের রোগী ভর্তির ঘাটতি ৩০ শতাংশ। চিকিৎসাসেবার মান উন্নয়নে জরুরি বিভাগ, নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও অপারেশন থিয়েটারের উন্নয়ন প্রয়োজন বলে পর্যবেক্ষণে বলা হয়েছে। আর্থিক ব্যবস্থাপনাতেও ঘাটতি রয়েছে। স্থায়ী আমানত বা এফডিআর হিসাবে ১ কোটি ২০ লাখ টাকার ঘাটতি পাওয়া গেছে।
৩ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁওয়ের এমএইচ শমরিতা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে দেখা গেছে, কলেজের নামে প্রয়োজনীয় জমির ঘাটতি রয়েছে ৫ দশমিক ৫৫ শতাংশ। একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য ভবনে ফ্লোর স্পেসের ঘাটতি ১ লাখ ২৫ হাজার বর্গফুট। শিক্ষার্থীদের ব্যবহারিক প্রশিক্ষণের জন্য হাসপাতাল ভবনে ফ্লোর স্পেসের ঘাটতি ১ লাখ ২৩ হাজার বর্গফুট।
১৬ আগস্ট মুন্সিগঞ্জের শ্রীনগরের বিক্রমপুর ভূইয়া মেডিকেল কলেজের নামে শ্রীনগর উপজেলার ফুলকুচি মৌজায় ৪ একর ২৯ শতাংশ জমি রেকর্ডভুক্ত নেই। একাডেমিক ভবনে ফ্লোর স্পেসের ঘাটতি ৬০ হাজার ৫০০ বর্গফুট এবং হাসপাতাল ভবনে ৭৫ হাজার ৭৫০ বর্গফুট।
হাসপাতালে নিয়ম অনুযায়ী ২৮৫টি শয্যা থাকার কথা থাকলেও পরিদর্শনে পাওয়া গেছে মাত্র ১০০টি। অর্থাৎ শয্যার ঘাটতি ১৮৫টি। রোগী ভর্তির ঘাটতি ১০ শতাংশ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষা ও পাঠদানের প্রয়োজনীয় ব্যবস্থাতেও ঘাটতি রয়েছে। লাইব্রেরিতে আসনসংখ্যা অপর্যাপ্ত এবং নতুন বইয়ের ঘাটতি রয়েছে। শিক্ষক সংকটের মধ্যে ফরেনসিক মেডিসিন ও কমিউনিটি মেডিসিন বিভাগে শিক্ষকের ঘাটতি রয়েছে। ১৭ মে রাজধানীর মিরপুরের মার্কস মেডিকেল কলেজে পরিদর্শনে দেখা গেছে, কলেজের নামে কোনো জমি নেই। প্রতিষ্ঠাতার নামে থাকা ৩৩ শতাংশ জমির ওপর মেডিকেল কলেজ, হাসপাতাল, ডেন্টাল ইউনিট ও নার্সিং ইনস্টিটিউট পরিচালিত হচ্ছে। এ ছাড়া মার্কস ইএনটি ক্লিনিক ও জেনারেল হাসপাতালের নামে ৪৪ দশমিক ৫৫ শতাংশ জমি লিজ নেওয়া হয়েছে। ২০১১ সাল থেকেই কলেজের নামে জমি রেজিস্ট্রি করার নির্দেশনা দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। একাডেমিক ভবনের আয়তনেও বড় ঘাটতি রয়েছে। হাসপাতালে ২০০টি শয্যা রয়েছে। ৭০ জন শিক্ষার্থীর জন্য প্রয়োজন ৩৫০টি শয্যা; ঘাটতি ১৫০টি। পরিদর্শনের দিন হাসপাতালে রোগী পাওয়া গেছে মাত্র ২৯ জন। রোগী ভর্তির ঘাটতি ৬১ দশমিক ৭ শতাংশ। লাইব্রেরিতে বসার জায়গা অপরিসর ও পড়াশোনার অনুপযোগী। বিভাগভিত্তিক টিউটোরিয়াল রুম অপর্যাপ্ত, ল্যাবরেটরিতে শিক্ষা উপকরণের ঘাটতি এবং মিলনায়তন নেই। অ্যানাটমি, ফরেনসিক মেডিসিন, কমিউনিটি মেডিসিন, প্যাথলজি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি, মেডিসিন এবং গাইনি ও অবস বিভাগে শিক্ষকের ঘাটতি রয়েছে।
২০২৫ সালের ১১ আগস্ট ফরিদপুরের ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ পরিদর্শনে বেশ কিছু সংকটের বিষয় উঠে এসেছে। এর মধ্যে রয়েছে কলেজের কোনো অডিটোরিয়াম নেই। দুটি লেকচার গ্যালারিতে স্টেপ-আপ ব্যবস্থা করা হয়নি। একাডেমিক কার্যক্রমের জন্য ফ্লোর স্পেসের ঘাটতি ৭৪ হাজার ৩৪৭ বর্গফুট এবং হাসপাতালের জন্য ৬ হাজার ৫১৩ বর্গফুট। শিক্ষকসংকট রয়েছে একাধিক বিভাগে, নাক-কান-গলা বিভাগে রেজিস্ট্রারের ঘাটতিও রয়েছে। পরিদর্শনের সময় হাসপাতালে ১২০টি শয্যার ঘাটতি মিলেছে। কলেজে ক্লিনিক্যাল স্কিল ল্যাব নেই।
২০২৫ সালের ৭ সেপ্টেম্বর ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ পরিদর্শনে বেশ কিছু অনিয়ম ও সংকট উঠে এসেছে। বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন অনুযায়ী এক একর জমির প্রয়োজন হলেও কলেজটির নামে প্রয়োজনীয় জমি নেই। একাডেমিক ভবন ও হাসপাতাল ভবন নিজস্ব জমিতে যথাযথভাবে নির্মিত হয়নি। শিক্ষার্থীদের জন্য একাডেমিক ভবন এবং হাসপাতালের ফ্লোর স্পেসেও ঘাটতি রয়েছে। শিক্ষার্থী অনুপাতে হাসপাতালে শয্যার ঘাটতি রয়েছে। শিক্ষক নিয়োগের কোনো বিধি দেওয়া হয়নি। ফিজিওথেরাপি বিষয়ে শিক্ষক ও হাসপাতালের প্রয়োজনীয় জনবলের ঘাটতিও রয়েছে।
২০২৫ সালের ৩ মে শরীয়তপুরের মনোয়ারা সিকদার মেডিকেল কলেজ পরিদর্শন করে নানা সংকটের বিষয় তুলে ধরা হয়েছে। মনোয়ারা সিকদার মেডিকেল কলেজের নিজস্ব জমির দলিল, নামজারি ও খাজনা হালনাগাদ নেই। জমি রয়েছে ‘জনিরা নিকেতন ন্যাস’ নামে। হাসপাতালের লাইসেন্সও হালনাগাদ করা হয়নি। হাসপাতালে রোগী ভর্তির ঘাটতি ৮০ শতাংশ এবং শয্যার ঘাটতি ১০০টি। কলেজে মেডিকেল এডুকেশন ইউনিট নেই। ব্যবহারিক শিক্ষার জন্য প্রয়োজনীয় কক্ষ ও শিক্ষা উপকরণও অপর্যাপ্ত। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রচলিত বিধি অনুসরণ করা হয়নি।
এমবিবিএস ডিগ্রির স্বীকৃতি নিয়ে শঙ্কা : চিকিৎসা শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, মানহীন প্রতিষ্ঠান, বিদেশে বাংলাদেশের এমবিবিএস ডিগ্রির স্বীকৃতি না পাওয়াসহ নানা কারণে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমছে। জানা যায়, ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশন (ডব্লিউএফএমই) অনুমোদন না পেলে বিশ্বের অনেক দেশে বাংলাদেশের এমবিবিএস ডিগ্রির গ্রহণযোগ্যতা হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে এর প্রভাব পড়েছে বিদেশি ছাত্রছাত্রীদের বাংলাদেশে এমবিবিএস ভর্তির ক্ষেত্রে। একসময় আড়াই থেকে তিন হাজার বিদেশি শিক্ষার্থী পড়তে আসতেন বাংলাদেশে। এমবিবিএস ডিগ্রি শেষ করতে প্রতি শিক্ষার্থীর ব্যয় হয় ৫০ লাখ টাকার মতো। এ কারণে বছরে ২ হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। পড়াশোনার জন্য বিশ্বের বিভিন্ন দেশে যান বাংলাদেশি শিক্ষার্থীরা। কিন্তু মেডিকেল কলেজগুলোতে পড়তে বাংলাদেশে আসেন অনেক বিদেশি শিক্ষার্থী। এর মধ্যে আছে ভারত, নেপাল, ভুটানসহ মধ্যপ্রাচ্য ও আফ্রিকার অনেক দেশ। কিন্তু সেই বাজার হারাতে বসেছে।
মানহীন চিকিৎসক তৈরি হলে জনস্বাস্থ্যের হুমকি -ডা. মুশতাক হোসেন : জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, বেশ কিছু বেসরকারি মেডিকেল কলেজ শিক্ষার চেয়ে বাণিজ্যিক উদ্দেশ্যে বেশি পরিচালিত হচ্ছে। তারা চিকিৎসক তৈরির মানদণ্ডের যেসব শর্ত রয়েছে তার কিছুই পূরণ করছে না। ফলে দক্ষ চিকিৎসক তৈরি হচ্ছে না। এত সংকট ও অনিয়মে মানহীন চিকিৎসক তৈরি করে জনস্বাস্থ্যকে হুমকির মুখে ফেলা হচ্ছে। তিনি আর বলেন, দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট দক্ষ হওয়া জরুরি। এজন্য মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান, সার্বিক ব্যবস্থা, শিক্ষকসহ সব সুযোগসুবিধা নিশ্চিত করতে হবে। কিন্তু কিছু বেসরকারি মেডিকেল কলেজের মতো কিছু নার্সিং ইনস্টিটিউটও শুধু বাণিজ্যিক ভাবনা থেকে খোলা হয়েছে। এসব অদক্ষ জনশক্তি দেশের সম্পদ না হয়ে বোঝাতে পরিণত হবে। শুধু বেসরকারি নয় অনেক সরকারি মেডিকেল কলেজেরও ভবন, ক্লাসরুম, ল্যাবরেটরি নেই, রয়েছে শিক্ষকের সংকট। এগুলোর গুরুত্ব বিবেচনায় নিয়ে তদারকি বাড়ানো এবং সংকট সমাধানে উদ্যোগ নিতে হবে।
