কুড়িগ্রামে ‘উদ্যোগ’ কর্মসূচি নিয়ে সচেতনতামূলক কর্মশালা
কুড়িগ্রাম প্রতিনিধি:
তরুণদের অর্থনৈতিক উন্নয়ন, উদ্যোক্তা তৈরি ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কুড়িগ্রামে ‘উদ্যোগ’ কর্মসূচি বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) দুপুরে অগ্রণী ব্যাংক পিএলসি, কুড়িগ্রাম শাখার আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুরের অতিরিক্ত পরিচালক মো. মিরাতুর রহমান চৌধুরী। অগ্রণী ব্যাংক পিএলসি কুড়িগ্রাম শাখার ব্যবস্থাপক মো. খাইরুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসির কুড়িগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক ও অঞ্চলপ্রধান এস. এম. আহসান হাবীব সরকার।
কর্মশালায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক রংপুরের যুগ্ম পরিচালক মো. ফররুক আহমদ লিটন।
এ ছাড়া অগ্রণী ব্যাংক, ইউসিবি ব্যাংক, যমুনা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, জনতা ব্যাংক ও সোনালী ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং স্থানীয় অংশীজনরা কর্মশালায় অংশ নেন।
কর্মশালায় তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, সহজ অর্থায়নের সুযোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগ গ্রহণে ‘উদ্যোগ’ কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন বক্তারা।
