ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে মামা আটক
দিনাজপুর প্রতিনিধি:
আট বছরের এক শিশুকে ধর্ষণ অভিযোগে তার মামাকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি সম্পর্কে শিশুটির মামা। দিনাজপুরের হাকিমপুরের এ ঘটনায় ওই শিশুর দাদা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। রবিবার (২২ নভেম্বর) সকালে নিজ বাড়ি থেকে আটক করা হয় অভিযুক্তকে।
মামলা এজাহার সূত্রে জানা যায়, হাকিমপুরের ওই শিশুটির মা চাকরির সুবাদে সৌদি আরবে এবং বাবা ঢাকায় অবস্থান করেন। দুই বোন ও এক ভাইসহ নানাবাড়িতে থাকত শিশুটি। অভিযুক্ত ব্যক্তি সম্পর্কে শিশুটির মামা এবং একই বাড়িতে পাশাপাশি ঘরে থাকত। অভিভাবকহীন থাকার সুযোগে শুক্রবার রাতে শিশুটিকে নিজের ঘরে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি চিৎকার করলে পরিবারের সদস্যরা এসে উদ্ধার করেন।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পায়। পরে ঘটনার গুরুত্ব বিবেচনায় অভিযুক্ত ও শিশুটিকে দ্রুত থানায় নিয়ে আসে পুলিশ। শিশুটির বাবা ও দাদা থানায় উপস্থিত হয়ে দাদা বাদী হয়ে এজাহার দায়ের করেন এবং মামলা রেকর্ড করা হয়।
বিষয়টি সত্যতা নিশ্চিত করে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম জানান, শিশুটিকে উদ্ধার করা হয়েছে। ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য তাকে আদালতে পাঠানো হয়েছে।
