ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে লক্ষাধিক টাকার ভারতীয় অলিভ অয়েল জব্দ

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় অলিভ অয়েল জব্দ করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম মহাসড়কের দেওয়ানের খামার এলাকায় ফুট পেট্রোল পরিচালনাকালে এসব অলিভ অয়েল জব্দ করা হয়।

পুলিশ জানায়, ভারত থেকে সীমান্তপথে পাচার করে আনা এসব অলিভ অয়েল ঢাকায় নেওয়া হচ্ছিল। অভিযানের সময় কুড়িগ্রামগামী দ্রুতগতির একটি ইঞ্জিনচালিত নসিমনকে থামার সংকেত দেয় পুলিশ। এ সময় নসিমন থেকে দুটি সাদা বস্তা ফেলে রেখে চালক পালিয়ে যায়। পরে বস্তা দুটি তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় অলিভ অয়েল উদ্ধার করা হয়। জব্দ করা তেলের আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদের উপস্থিতিতে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ আরও জানায়, চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং জব্দ করা মালামালের প্রকৃত মালিকানা নির্ধারণে তথ্য অনুসন্ধান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে জব্দ করা মালামাল থানায় জমা রাখা হয়েছে।

সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন ও ওসি এম আর সাঈদ জানান, উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে নিয়মিত তল্লাশিচৌকি ও ফুট পেট্রোল পরিচালনা করা হচ্ছে। সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক, জুয়া ও চোরাচালান প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights