পাঁচ কবর থেকে মাথার খুলি চুরি
মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি কবরস্থানের পৃথক ৫টি কবর থেকে মাথার খুলি চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে কবরস্থান পরিষ্কার করতে গেলে স্থানীয় মুসল্লিরা কবর থেকে খুলি চুরি ঘটনা দেখতে পায়। জেলার শ্রীনগর উপজেলার পূর্ব বেঁজগাঁও কবরস্থানে বৃহস্পতিবার রাতের যে কোন সময় খুলি চুরির এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
পূর্ব বেঁজগাঁও কবরস্থানের সভাপতি আবুল কালাম কানন জানান, সকাল ৯টার দিকে পূর্ব বেঁজগাঁও কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন করতে যান মুসল্লিরা। এসময় তারা পৃথক ৫টি কবর খোঁড়াখুঁড়ি অবস্থায় দেখতে পান। পরে মুসল্লিকে খবর দেন।
জেলার শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান জানান, ওই কবরস্থানের সভাপতির কাছ থেকে খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। এসময় সেখানে ৫টি কবর খোঁড়া অবস্থায় দেখা গেছে। ওই কবরগুলো থেকে খুলি নিয়ে যাওয়া হয়েছে। ধারনা করা হচ্ছে রাতের আঁধারে কবর থেকে খুলি গুলো চুরি করা হয়েছে।
