পাকিস্তানে আলোচনায় অংশ নেওয়ার আগে ইরানকে হুঁশিয়ারি দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সঙ্গে উচ্চপর্যায়ের এক সংলাপে অংশ নিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশে রওনা হয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। আজ সকালে এয়ার ফোর্স টু-তে ওঠার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভ্যান্স ইরানকে সতর্ক করে দিয়ে বলেন, আলোচনার নামে কোনো ধরনের টালবাহানা বা যুক্তরাষ্ট্রকে ধোঁকা দেওয়ার চেষ্টা করা হলে তা বরদাশত করা হবে না।

তবে তিনি এ-ও উল্লেখ করেছেন যে, ইরান যদি সদিচ্ছা নিয়ে আলোচনার টেবিলে আসে, তবে ওয়াশিংটন ইতিবাচক ফলাফল আশা করছে।

জে ডি ভ্যান্স বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনা অনুযায়ী তারা এই আলোচনায় অংশ নিচ্ছেন। প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে, ইরান যদি আন্তরিকভাবে আলোচনা করতে চায়, তবে যুক্তরাষ্ট্র বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে। কিন্তু তারা যদি কোনো কৌশল খাটানোর চেষ্টা করে, তবে মার্কিন প্রতিনিধিদল কঠোর অবস্থান গ্রহণ করবে।

এই বিশেষ প্রতিনিধিদলে ভ্যান্সের পাশাপাশি রয়েছেন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার।

ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স আরও জানান, আলোচনার বিষয়ে ট্রাম্প তাদের কিছু নির্দিষ্ট নির্দেশিকা বা গাইডলাইন দিয়েছেন, যদিও নিরাপত্তার খাতিরে সেই বিস্তারিত পরিকল্পনা তিনি প্রকাশ করেননি।

ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া এই আলোচনা মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এখন দেখার বিষয়, মার্কিন প্রতিনিধিদলের এই অনমনীয় বার্তার পর ইরান আলোচনার টেবিলে ঠিক কী ধরনের অবস্থান গ্রহণ করে।

সূত্র: সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights