পাকিস্তান সফরে সরকারের সবুজ সংকেত পেল বিসিবি

অনলাইন ডেস্ক
সাম্প্রতিক উত্তেজনায় টাইগারদের পাকিস্তান সফর নিয়ে দুশ্চিন্তায় ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সরকারের পক্ষ থেকে তারা সবুজ সংকেত পেয়েছে বলে জানিয়েছে ক্রিকেট ভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ।

দেশের সর্বোচ্চ নীতিনির্ধারণী স্তর নীতিগতভাবে এই সফরের অনুমোদন দিয়েছে জানিয়ে ক্রিকবাজকে বিসিবির এক কর্মকর্তা বলেছেন, ‌‘আমরা সরকারের কাছ থেকে সবুজ সংকেত পেয়েছি। যদিও আনুষ্ঠানিক চিঠি এখনো হাতে পাইনি, তবে আশা করছি খুব শিগগিরই তা পাওয়া যাবে। যতদূর জানি, সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে, আমরা পাকিস্তান সফরে যেতে পারব।’

উক্ত বিসিবি কর্মকর্তা আরও বলেন, ‘সরকারি চিঠি পাওয়ার পর আমরা খেলোয়াড়দের সঙ্গে আলোচনা শুরু করব। কারণ আমরা জানতে পেরেছি, নিরাপত্তার কারণ দেখিয়ে কয়েকজন যেতে কিছুটা অনিচ্ছুক। তবে আমরা নিশ্চিত করতে চাই, কাউকেই জোর করা হবে না।’

এর আগে বিসিবি জানায়, পাকিস্তান সফরের আগে সরকারের ক্লিয়ারেন্স প্রয়োজন, এরপর খেলোয়াড়দের মতামত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সফরের নতুন সূচি প্রকাশ করেছে পিসিবি

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ১৩ মে সফরের নতুন সূচি পাঠিয়েছে বিসিবিকে। এর আগে ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু একই দিনে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল থাকায় সূচিতে পরিবর্তন আনা হয়।

নতুন সূচি অনুযায়ী

প্রথম তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ফয়সালাবাদে:
-২৭ মে, ২৯ মে ও ১ জুন

শেষ দুইটি ম্যাচ হবে লাহোরে:
-৩ ও ৫ জুন

পাকিস্তান সফরের আগে বাংলাদেশ দল বর্তমানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতে। তারা সেখানে দুটি টি-টোয়েন্টি খেলবে স্বাগতিক আমিরাতের বিপক্ষে-যথাক্রমে ১৭ মে ও ১৯ মে শারজাহতে।

সূত্র : ক্রিকবাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights