পান্থকুঞ্জ পার্কে নির্মাণকাজ বন্ধের দাবি
কারওয়ান বাজার-সংলগ্ন পান্থকুঞ্জ পার্কের ভিতরে চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প নির্মাণকাজ। একই সঙ্গে হাতিরঝিলেও ভরাট করে চলছে এক্সপ্রেসওয়ের কাজ। পার্ক ও হাতিরঝিল ধ্বংস করে উন্নয়নকাজ বন্ধের দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা। গতকাল রাজধানীর পান্থকুঞ্জ পার্কের মধ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের পাশেই এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশের পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের যৌথ প্ল্যাটফরম ‘বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন’। মানববন্ধনে বক্তারা বলেন, রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প শুরু থেকেই অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতার মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে। পান্থকুঞ্জ পার্ক একসময় খুব জনপ্রিয় ছিল।
বিভিন্ন জায়গা থেকে মানুষ এই পার্কে ঘুরতে আসতেন। কিন্তু বর্তমানে এই পার্ক অস্বস্তির নাম হয়ে উঠেছে। ইতোমধ্যে এক্সপ্রেসওয়ের কাজের জন্য পার্কের অনেক গাছ কাটা হয়েছে। এখন র?্যাম্প নামার জন্য আরও কিছু গাছ কাটা হবে। তারা আরও বলেন, এ প্রকল্পের মাধ্যমে দেশের আইন, পরিকল্পনা ও যথাযথ পদ্ধতির তোয়াক্কা না করে হাতিরঝিলের জলাধার ভরাটের মাধ্যমে পরিবেশ ধ্বংস করছে। কোনো ধরনের পরিকল্পনাগত প্রভাব বিশ্লেষণ ছাড়াই নতুন করে এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। যা হাতিরঝিল প্রকল্পের সার্বিক লক্ষ্য ও উপযোগিতাকে মারাত্মকভাবে ব্যাহত করবে। তাছাড়া কারওয়ান বাজারের সামনে যদি এক্সপ্রেসওয়ের র?্যাম্প হয় তাহলে এই এলাকায় যানজট আগের চেয়ে আরও বেড়ে যাবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নগর পরিকল্পনাবিদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর অঞ্চল ও পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আকতার মাহমুদ, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) সভাপতি অধ্যাপক আদিল মুহাম্মদ খান, বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের সমন্বয়ক আমিরুল রাজিব, সহ-সমন্বয়ক নয়ন সরকার প্রমুখ।
