পাবনায় সাবেক ইউপি সদস্যকে গুলি করে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

পাবনা প্রতিনিধি

পাবনার আটঘরিয়ায় সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপির নেতা আদম আলী মোল্লাকে (৬০) প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এ ঘটনায় মামলার প্রধান আসামি ইরাদুল ইসলামকে (৫৫) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার একদন্ত ইউনিয়নের চণ্ডীপাশা গ্রামে একদল দুর্বৃত্ত আদম আলীকে গুলি করে হত্যা করে। নিহত আদম আলী একদন্ত ইউনিয়নের ষাটগাছা স্কুলপাড়া গ্রামের মৃত নুরুল ইসলাম মোল্লার ছেলে। তিনি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য ছিলেন।

পুলিশের দাবি, আদম আলী এলাকায় চরমপন্থী দলের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও বিস্ফোরণসহ অন্তত তিনটি মামলা রয়েছে।

এ ঘটনায় নিহতের ছেলে শাহিন হোসেন বাদী হয়ে সোমবার রাতে আটঘরিয়া থানায় ১৪ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।

মামলা হওয়ার পর র‍্যাব পাবনা ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে উপজেলার গোপালপুর তাঁতিপাড়া এলাকা থেকে মামলার প্রধান আসামি ইরাদুল ইসলামকে গ্রেফতার করে। তিনি আটঘরিয়া উপজেলার চুটিয়াপাড়া এলাকার মৃত আবদুলের ছেলে। পরে তাকে আটঘরিয়া থানায় হস্তান্তর করা হয়।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ওসি আরও বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের কারণ ও এর পেছনে থাকা বিষয়গুলো জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights