পাবনা সদর আসনে নৌকার প্রার্থীকে শোকজ

পাবনা প্রতিনিধি

নির্বাচনি আচরণবিধি লংঘনের অভিযোগে পাবনা-৫ (সদর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্সকে শোকজ করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।

আজ শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন অনুসন্ধান কমিটির দায়িত্বপ্রাপ্ত পাবনা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক (যুগ্ম জেলা জজ) মো: নাজমুল হোসেন। গোলাম ফারুক প্রিন্স বরাবর মো: নাজমুল হোসেন স্বাক্ষরিত শোকজের চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০ ডিসেম্বর ও ২১ ডিসেম্বর নির্বাচন অনুসন্ধান কার্য পরিচালনাকালে বিকেল হতে রাত পর্যন্ত শহরের লাইব্রেরি বাজার এলাকায় ডিসি রোডে মাছ বাজারের সামনে ভিশন ডিশ ও ইন্টারনেট লাইন অফিস অবস্থিত ভবনের দোতলায়, লাইব্রেরি বাজার হতে জজ কোর্ট রাস্তার ডান পাশে (ডাচ বাংলা এটিএম বুথের অপোজিটে), আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে এবং একই রাস্তায় আটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকট ইছামতি নদীর উপর অবস্থিত ব্রিজের আগে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে নির্বাচনী প্রতীক নৌকার প্রতিকৃতি তৈরি করেছেন। সেই সঙ্গে বিদ্যুৎ ব্যবহার করে আলোকসজ্জা করেছেন। এছাড়াও জজ কোর্ট হতে পাবনা শহরগামী আব্দুল হামিদ সড়কের উভয়পাশে প্রায় সব বৈদ্যুতিক খুঁটিতে ফেস্টুন লাগানো হয়েছে। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর বিধি ১০ এর (গ) উপবিধি ও বিধি ৭ এর (১) উপ বিধি (ক) লংঘন করা হয়েছে।
শোকজ চিঠিতে আগামী ২৪ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় স্বশরীরে নিম্নস্বাক্ষরকারীর খাস কামরায় উপস্থিত হয়ে নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দিয়েছেন নির্বাচন অনুসন্ধান কমিটি। অন্যথায় শোকজ ধারীর ব্যাখ্যা ব্যতীত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে তদন্ত প্রতিবেদন পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights