পিএসএলে পেশাওয়ার জালমির হয়ে খেলবেন তানজিদ

অনলাইন ডেস্ক

এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাংলাদেশের প্রতিনিধি বাড়ল আরও একজন। পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই আসরে পেশাওয়ার জালমির হয়ে খেলবেন তানজিদ হাসান। এই দলে সতীর্থ হিসেবে পাবেন তিনি দুই স্বদেশি পেসার নাহিদ রানা ও শরিফুল ইসলামকে।

পিএসএলে তানজিদের ডাক পাওয়ার খবর কদিন ধরেই শোনা যাচ্ছিল দেশের ক্রিকেট আঙিনায়। সামাজিক মাধ্যমে রোববার সেটি নিশ্চিত করে পেশাওয়ার জালমি। বাংলাদেশের ওপেনারকে স্বাগত জানিয়ে জালমি লিখেছে, “ভয়ডরহীন বাঁহাতি ব্যাটসম্যান যে কোনো বোলিং আক্রমণের ওপর চড়াও হতে প্রস্তুত।”

নিলামে ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি ভিত্তিমূল্যে তানজিদ কোনো দল পাননি। তবে টুর্নামেন্ট শুরুর চারদিন আগে সরাসরি চুক্তিতে জায়গা পেলেন তিনি জালমিতে। কদিন আগে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে অপরাজিত ফিফটি ও শেষ ম্যাচে সেঞ্চুরি করে দলের সিরিজ জয়ের বড় অবদান রেখে যৌথভাবে সিরিজ-সেরা হন তিনি।

২৫ বছর বয়সী ব্যাটসম্যান দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেলেন প্রথমবার। এখনও পর্যন্ত ১০৩ টি-টোয়েন্টি খেলে ৩ সেঞ্চুরি ও ২০ ফিফটিতে ২ হাজার ৭৮২ রান করেছেন তিনি ১২৮.৯৭ স্ট্রাইক রেটে। এবারের পিএসএলে তানজিদের আগে দল পেয়েছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, পারভেজ হোসেন ইমন, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

নিলামের আগেই সরাসরি চুক্তিতে ৬ কোটি ৪৪ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নেয় লাহোর কালান্দার্স। নিলামে এই দলই ৬০ লাখ রুপিতে নেয় পারভেজকে। পেশাওয়ার ৬০ লাখ রুপিতেই নিয়েছে নাহিদকে। নতুন দল রাওয়ালপিন্ডি ৩ কোটি রুপিতে দলে নেয় রিশাদ হোসেনকে। এরপর গত মঙ্গলবার সরাসরি চুক্তিতে শরিফুলকে নেওয়ার কথা জানায় জালমি।

৮ দল নিয়ে নতুন আঙ্গিকে এবারের পিএসএল শুরু আগামী বৃহস্পতিবার। তবে মধ্যপ্রাচ্যে সংঘাত ও পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের অস্থিরতায় শুরুর আগেই জোর ধাক্কা খেয়েছে এবারের আসর। পাকিস্তান ক্রিকেট বোর্ড রোববার ঘোষণা দেয়, যুদ্ধ পরিস্থিতিতে বিভিন্ন সংকটের কারণে ছয় ভেন্যুর পরিবর্তে মাত্র দুটি ভেন্যুতে (লাহোর ও করাচি) হবে টুর্নামেন্ট। খেলা হবে দর্শকশূন্য মাঠে। বাদ দেওয়া হয়েছে লাহোরে উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights