পিএসএল থেকে এক বছরের জন্য নিষিদ্ধ কর্বিন বশ

অনলাইন ডেস্ক

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে চুক্তিবদ্ধ হয়েও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সিদ্ধান্ত নেওয়ায় দক্ষিণ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার কর্বিন বশকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

গত জানুয়ারিতে পিএসএলের ‘ডায়মন্ড’ ক্যাটাগরি থেকে কর্বিন বশকে দলে নেয় পেশোয়ার জালমি। তবে দক্ষিণ আফ্রিকার পেসার লিজাড উইলিয়ামস ইনজুরিতে পড়লে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার ডাক পান বশ। এরপরই তিনি পিএসএল থেকে নিজেকে সরিয়ে নেন।

বশের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয় পিসিবি। তাকে আইনি নোটিশ পাঠানোর পর এবার এক বিবৃতিতে জানানো হয়, তাকে ২০২৬ সালের ১১তম আসর পর্যন্ত পিএসএলে নিষিদ্ধ করা হয়েছে।

নিষেধাজ্ঞা মেনে নিয়ে কর্বিন বশ বলেছেন, ‘আমি পিএসএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে গভীরভাবে অনুতপ্ত। পাকিস্তানের জনগণ, পেশোয়ার জালমির সমর্থক এবং পুরো ক্রিকেট সম্প্রদায়ের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

তিনি আরও যোগ করেন, ‘আমি বুঝতে পারছি, আমার সিদ্ধান্ত অনেককে হতাশ করেছে। আমি আমার ভুল স্বীকার করছি এবং আর্থিক জরিমানা ও নিষেধাজ্ঞা মেনে নিচ্ছি। এটা আমার জন্য বড় শিক্ষা। ভবিষ্যতে নতুন উদ্যম নিয়ে পিএসএলে ফিরতে চাই।’

এদিকে আজ থেকে শুরু হয়েছে পিএসএলের দশম আসর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights