বার্সেলোনার পক্ষে শৃঙ্খলা কমিটির রায়, আপিলের পথে ওসাসুনা ইনিগো মার্তিনেস

অনলাইন ডেস্ক
স্প্যানিশ লা লিগার ক্লাব ওসাসুনা বার্সেলোনার বিরুদ্ধে ‘অযোগ্য ফুটবলার’ মাঠে নামানোর অভিযোগ করেছিল, তবে সেই অভিযোগ খারিজ করে দিয়েছে স্পেনের ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) শৃঙ্খলা কমিটি।

গত ২৭ মার্চ, আন্তর্জাতিক বিরতির পরপরই অনুষ্ঠিত ম্যাচে ওসাসুনার মুখোমুখি হয় বার্সেলোনা। সেই ম্যাচে অংশ নেন বার্সার ডিফেন্ডার ইনিগো মার্তিনেস, যিনি হাঁটুর চোটের কারণে জাতীয় দল স্পেনের হয়ে খেলতে পারেননি।

ফিফার একটি নিয়ম অনুসারে, যদি কোনো খেলোয়াড় চোটের কারণে জাতীয় দল থেকে প্রত্যাহার করা হয়, তাহলে আন্তর্জাতিক ম্যাচ শেষ হওয়ার পর পরবর্তী পাঁচ দিন ক্লাবের হয়ে খেলতে পারেন না, যদি না সংশ্লিষ্ট ফেডারেশন থেকে বিশেষ অনুমতি দেওয়া হয়। স্পেনের শেষ ম্যাচ ছিল ২৩ মার্চ, আর মার্তিনেস মাঠে নামেন ২৭ মার্চ ওসাসুনার বিপক্ষে—যা পাঁচ দিনের মধ্যে পড়ে।

এই নিয়ম লঙ্ঘনের অভিযোগ তোলে ওসাসুনা, যারা ওই ম্যাচে বার্সার কাছে ৩-০ গোলে হারে। তবে বার্সেলোনা দাবি করে, পাঁচ দিনের নিয়ম কেবল তখনই প্রযোজ্য হয়, যখন কোনো ক্লাব খেলোয়াড় ছাড়তে অস্বীকৃতি জানায় অথবা খেলোয়াড় নিজে খেলতে না চায়। তাদের মতে, মার্তিনেস সঠিক প্রক্রিয়ায় চোটের কারণে দল থেকে প্রত্যাহার হয়েছিলেন।

ফিফার ব্যাখ্যাও বার্সেলোনার পক্ষে যায় বলে জানায় স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মুন্দো দেপোর্তিভো’। ফলে দুই সপ্তাহ পর শৃঙ্খলা কমিটি রায় দেয় কাতালান ক্লাবটির পক্ষেই।

তবে এখানেই থেমে নেই ওসাসুনা। এক বিবৃতিতে তারা জানিয়েছে, এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা স্প্যানিশ ফুটবল ফেডারেশনের আপিল কমিটির কাছে আবেদন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights