পিরোজপুরে জুলাই-আগস্ট শহীদদের স্মরণে দোয়া

পিরোজপুর প্রতিনিধি

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে পিরোজপুরে শহীদ পাঁচজনসহ দেশের সব শহীদের স্মরণে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহীদ ওমর ফারুক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ ও আহতদের পরিবারবর্গ, আন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধারা, রাজনৈতিক নেতা, প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিকবৃন্দ।

জুলাই যোদ্ধা পিরোজপুরের সভাপতি কাজী মো. আবু হানিফের সভাপতিত্বে ও সদস্য সচিব তাহমীদ আল নাসীবের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (উপ-পরিচালক, স্থানীয় সরকার) মো. সাখাওয়াত হোসেন, পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা সেক্রেটারি মো. জহিরুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের পিরোজপুর জেলা সেক্রেটারি মো. মনুরুল হাসান, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি এসএম রেজাউল করিম শামিম।

আলোচনা সভায় বক্তারা জুলাই-আগস্ট আন্দোলনের স্মৃতি স্মরণ করেন এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও অধিকারভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, এই আন্দোলন ছিল গণমানুষের অধিকারের পক্ষে একটি ঐতিহাসিক জাগরণ। শহীদদের ত্যাগ আমাদের সামনে এগিয়ে চলার প্রেরণা। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। আমরা সবাই যেন একত্রে মিলে স্বাধীনতা রক্ষা করতে পারি। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

আন্দোলনের অংশগ্রহণকারীরা জুলাই আন্দোলনের সুনির্দিষ্ট স্বীকৃতি ও ‘জুলাই সনদ’ প্রণয়নের দাবি জানান। একইসাথে আন্দোলনকারীদের বিরুদ্ধে চলমান অপপ্রচার বন্ধের আহ্বান জানানো হয় এবং সহযোগিতা ও সংহতির পরিবেশ তৈরির আহ্বান জানানো হয়।

শহীদ পরিবারের সদস্যরা অশ্রু চোখে স্বজন হারানোর শোক প্রকাশ করে বলেন, যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচার দাবি করছি। অনুষ্ঠানের শেষাংশে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights