পিরোজপুরে হত্যা মামলায় একজনের ফাঁসি, তিনজনের যাবজ্জীবন
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের কাউখালি উপজেলায় এক ভ্যান চালককে হত্যার মামলায় ছাইদুল ইসলাম মোল্লা ওরফে সাইফুল (২৬) নামে এক জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এ ঘটনায় সঞ্জয় চন্দ্র দেবনাথ (৪৯), শেখ মাইনুল হাসান জামাল (২৭), পল্টু কুমার দাস পল্টন (২৮) নামে আরও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মোক্তাগীর আলম এ আদেশ দেন। এসময় তিন জন আসামি আদালতে উপস্থিত ছিল।
দণ্ডপ্রাপ্ত ছাইদুল ইসলাম মোল্লা পিরোজপুরের নাজিরপুর উপজেলার বুইচাকাঠি গ্রামের আকরাম মোল্লার ছেলে, সঞ্জয় চন্দ্র দেবনাথ কাউখালি উপজেলার চিরাপাড়া গ্রামের মনরঞ্জন দেবনাথের ছেলে, পল্টু কুমার দাস পল্টন একই গ্রামের সুনীলচন্দ্র দাসের ছেলে ও শেখ মাইনুল হাসান জামাল কাউখালি উপজেলার ডুমজুরি গ্রামের শাহজাহান আলী শেখের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৭ সালের ১৬ জুলাই কাউখালি উপজেলার চিরাপাড়া ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আঃ ছালেক সর্দার এর বাড়ির পিছনে একই গ্রামের রবীন্দ্রনাথ মণ্ডলের পানের বরজের পশ্চিম পাশের নালার পানিতে একজন অজ্ঞাতনামা পুরুষের লাশ উদ্ধার করে পুলিশ। লাশের শরীরে দেশীয় অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়। এ ঘটনায় ওই দিনই কাউখালি থানার উপ পরিদর্শক (এসআই) দীপক কুমার বিশ্বাস বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনায় ২০১৮ সালের ২৫ জানুয়ারি কাউখালি থানার উপ পরিদর্শক (এসআই) মো. জলিল আহম্মেদ চার জনকে আসামি করে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। তদন্ত প্রতিবেদন থেকে জানা যায়, অজ্ঞাত ওই লাশটি মিজান শেখ ওরফে মানিক নামে এক ব্যক্তির। তিনি পেশায় একজন ব্যাটারি চালিত ভ্যানের চালক ছিলেন। ঘটনার দুইদিন আগে ২০১৭ সালের ১৪ জুলাই সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে আসামিরা মিজান শেখকে কৌশলে ঘটনাস্থলে নিয়ে পরিকল্পিত ভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ পানিতে ফেলে দেয় এবং তার ব্যাটারি চালিত ভ্যান গাড়িটি নিয়ে যায় মামলার দীর্ঘ শুনানি শেষে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মোক্তাগীর আলম এ রায় ঘোষণা করেন।
আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) জহুরুল ইসলাম জানান, ২১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত মঙ্গলবার আসামি ছাইদুল ইসলাম মোল্লা ওরফে সাইফুলকে মৃত্যুদণ্ড ও সঞ্জয় চন্দ্র দেবনাথ, শেখ মাইনুল হাসান জামাল ও পল্টু কুমার দাস পল্টনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন। আসামি পল্টু কুমার দাস পল্টন পলাতক আছেন। বাকিদের উপস্থিতিতে বিচারক এ রায় ঘোষণা করেন।
