পুতিনের ওপর আমি অসন্তুষ্ট: ট্রাম্প
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ইউক্রেনে ব্যাপক বোমা হামলায় অসন্তোষ প্রকাশ করেছেন। স্থানীয় সময় রবিবার তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ করে বলেন, ‘আমি পুতিনের ওপর অসন্তুষ্ট’।
নিউ জার্সির মোরিস্টাউনের বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘পুতিন যা করছেন তাতে আমি খুশি নই। তিনি অনেক মানুষকে হত্যা করছেন। আমি এটা মোটেও ভালোভাবে নিচ্ছি না। আমি জানি না পুতিনের কী হয়েছে।’
রবিবার রাতভর রাশিয়া ইউক্রেনের বিভিন্ন শহরে ৩৬৭টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা এই যুদ্ধের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বড় আকাশ হামলা। রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে হামলায় কমপক্ষে ১২ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন।
ট্রাম্প সম্প্রতি তিন বছর ধরে চলা এই যুদ্ধ বন্ধ করতে উভয় পক্ষকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছেন। গত সপ্তাহে তিনি পুতিনের সঙ্গে দুই ঘণ্টারও বেশি সময় ফোনে কথা বলেন।
তিনি আরও বলেন, রাশিয়ার চলমান হামলার জবাবে নতুন করে নিষেধাজ্ঞা দেওয়ার কথাও বিবেচনা করছেন। ট্রাম্প বলেন, “পুতিনের সঙ্গে আমার সবসময় ভালো সম্পর্ক ছিল, কিন্তু এখন সে শহরে রকেট ছুড়ছে, মানুষ হত্যা করছে—এটা আমি একদমই পছন্দ করছি না।’
সূত্র: রয়টার্স
