পুতিনের বাসভবনে ড্রোন হামলার দাবি রাশিয়ার, জেলেনস্কি বললেন ‘মিথ্যা’

অনলাইন ডেস্ক

রাশিয়া ও ইউক্রেনের চলমান যুদ্ধের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। রাশিয়া দাবি করেছে, ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। তবে ইউক্রেন এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে এবং একে ‘রাশিয়ার সাজানো মিথ্যা’ বলে মন্তব্য করেছে।

সোমবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, মস্কো ও সেন্ট পিটার্সবার্গের মাঝামাঝি নোভগোরোদ অঞ্চলে অবস্থিত পুতিনের সরকারি বাসভবনের দিকে রাতের আঁধারে ৯১টি ড্রোন ছোড়া হয়। রাশিয়ার দাবি অনুযায়ী, এসব ড্রোন প্রতিহত করা হয়েছে এবং এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

তবে লাভরভ সতর্ক করে বলেন, এই ঘটনার পর শান্তি আলোচনায় রাশিয়ার অবস্থান নতুন করে পর্যালোচনা করা হবে। একই সঙ্গে তিনি জানান, ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলার পরিকল্পনাও নেওয়া হয়েছে।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। তিনি বলেন, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে যৌথ কূটনৈতিক প্রচেষ্টা চলছে, এই ধরনের বক্তব্য তা দুর্বল করে দিচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে এমন গল্প তৈরি করছে, যাতে কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন স্থানে নতুন হামলা চালানোর অজুহাত পাওয়া যায়।

জেলেনস্কি আরও সতর্ক করে বলেন, রাজধানী কিয়েভে হামলার আশঙ্কা রয়েছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পুতিনের সঙ্গে তার একটি ‘ইতিবাচক’ ফোনালাপ হয়েছে। ফ্লোরিডায় জেলেনস্কির সঙ্গে বৈঠকের পরদিনই এই ফোনালাপ হয়। ট্রাম্প দাবি করেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানের জন্য শান্তি আলোচনা আগের যেকোনো সময়ের চেয়ে কাছাকাছি এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights