হাড়কাঁপানো শীতে গাজায় আরও এক শিশুর মৃত্যু
অনলাইন ডেস্ক
গাজায় হাড়কাঁপানো শীতে জমে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। ইসরায়েলি অবরোধের কারণে পর্যাপ্ত আশ্রয় ও মানবিক সহায়তা পৌঁছাতে না পারায় উপত্যকা জুড়ে মানবিক বিপর্যয় চরম আকার ধারণ করেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, তীব্র ঠান্ডার কারণে আরকান ফরাস মুসলেহ নামে মাত্র দুই মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। চলতি ডিসেম্বর মাসের শুরু থেকে এ পর্যন্ত ঠান্ডাজনিত কারণে গাজায় এটি শিশু মত্যুর তৃতীয় ঘটনা।
গাজা সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, বর্তমান প্রতিকূল আবহাওয়ায় উপত্যকা জুড়ে অন্তত ২৫ জন প্রাণ হারিয়েছেন। যাদের মধ্যে ৬ জনই শিশু।
তীব্র শৈত্যপ্রবাহের পাশাপাশি বৃষ্টির তোড়ে ক্ষতিগ্রস্ত ভবন ধসে পড়ার ঘটনায় এই প্রাণহানির সংখ্যা বাড়ছে। সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, সাম্প্রতিক ঝড়ো হাওয়ায় গাজার প্রায় ৯০ শতাংশ তাঁবু উপড়ে গেছে অথবা বন্যার পানিতে তলিয়ে গেছে। ফলে খোলা আকাশের নিচে চরম মানবেতর জীবনযাপন করছে হাজার হাজার বাস্তুচ্যুত পরিবার।
ইসরায়েলি হামলায় আগে থেকেই ক্ষতিগ্রস্ত ১৮টি ভবন এই বৈরী আবহাওয়ায় পুরোপুরি ধসে পড়েছে। এছাড়াও শতাধিক ভবনের একাংশ ভেঙে পড়েছে। গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা ৭১ হাজার ২০০ ছাড়িয়েছে। যার বড় অংশই নারী ও শিশু। গত ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজার সীমান্ত পথগুলো এখনও ইসরায়েলি নিয়ন্ত্রণে রয়েছে। ফলে জরুরি ভিত্তিতে ভ্রাম্যমাণ ঘর এবং পুনর্গঠনের সামগ্রী গাজায় প্রবেশ করতে পারছে না। বর্তমানে গাজার প্রায় ২৪ লাখ মানুষ তীব্র শীত, খাদ্য ও বাসস্থানের অভাবে চরম ঝুঁকির মধ্যে রয়েছে। জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা পৌঁছানো না গেলে এই মৃত্যুর মিছিল আরও দীর্ঘ হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
