পুলিশের চোখ ফাঁকি দেওয়া সেই ‘আলী আকবার’ই আসলে সুইডেন আসলাম
অনলাইন ডেস্ক
বিদেশে যাওয়ার সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। রবিবার (২২ নভেম্বর) দিবাগত রাতে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেফতার হন তিনি। সোমবার (২৩ নভেম্বর) খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
এর আগে গত আগস্টে সুইডেন আসলামকে ধরতে তেজগাঁও এলাকায় অভিযান চালানো হয়। তবে সে সময় পরিচয় গোপন করে পুলিশের সামনে দিয়েই চলে যান তিনি। নিজেকে আলী আকবার পরিচয় দিয়ে পুলিশের চোখ ফাঁকি দেন এ শীর্ষ সন্ত্রাসী।
ডিবির একটি সূত্র বলছে, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর অস্থির পরিস্থিতির মধ্যে সাত আলোচিত সন্ত্রাসী জামিনে মুক্ত হন। তখন আসলামও জামিনে মুক্তি পান। পরে বিদেশে চলে যান। সেখানে বসেই কারওয়ান বাজার, তেজগাঁও ও ফার্মগেট এলাকার অপরাধজগৎ নিয়ন্ত্রণ করতেন তিনি। গত ৪ নভেম্বর মালয়েশিয়া থেকে ঢাকায় আসেন সুইডেন আসলাম। গোয়েন্দারা তার ঢাকায় আসার খবর পেয়ে গ্রেফতারের জন্য ইমিগ্রেশন পুলিশকে অবহিত করেন। একটি পুরোনো মামলার নথিসহ তাকে গ্রেফতারের জন্য ইমিগ্রেশন পুলিশকে চিঠি দেওয়া হয়। সেই চিঠির ভিত্তিতে রবিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ বলেন, কারওয়ান বাজার, তেজগাঁও ও ফার্মগেটকেন্দ্রিক নানা অপরাধে নতুন করে সুইডেন আসলামের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। ঢাকার নিউমার্কেট এলাকায় আরেক শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় সুইডেন আসলামকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।
গত ২৮ এপ্রিল রাত পৌনে আটটার দিকে নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় টিটনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত টিটন আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের শ্যালক। টিটন হত্যার ঘটনায় তার ভাই সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় মামলা করেন। মামলায় আসামির তালিকা ফাঁকা রাখা হলেও সন্দেহভাজন হিসেবে আরেক শীর্ষ সন্ত্রাসীসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়। তারা হলেন- শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল (পিচ্চি হেলাল), বাদল ওরফে কিলার বাদল, শাহজাহান, রনি ওরফে ড্যাগারি রনি।
ইমিগ্রেশন পুলিশ ও পাসপোর্টের তথ্য বিশ্লেষণ করে তদন্তসংশ্লিষ্ট ডিবি সূত্র বলছে, জামিনে মুক্তি পাওয়ার পর সুইডেন আসলাম গত ৬ এপ্রিল প্রথম ঢাকা থেকে থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া যান। পরে আগস্ট ও নভেম্বরে আরও তিনবার তিনি মালয়েশিয়া থেকে এভাবে ঢাকায় আসা–যাওয়া করেছেন। ডিবির একটি সূত্র বলছে, সুইডেন আসলাম মালয়েশিয়ায় থাকলেও থাইল্যান্ড ও সিঙ্গাপুরে তার যাওয়া–আসা ছিল।
পুলিশের একটি সূত্র বলছে, গত আগস্ট মাসে একবার দেশে আসেন সুইডেন আসলাম। খবর পেয়ে ডিবির একটি দল ঢাকার তেজগাঁও এলাকায় অভিযানে চালায়। টের পেয়ে ডিবির সামনে দিয়ে পালিয়ে যান আসলাম।
তদন্তসংশ্লিষ্ট একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন, তার কাছে সুইডেন আসলামের একটি পুরোনো ছবি ছিল। এখনকার চেহারার সঙ্গে আগের ছবির মিল নেই। তার নাম জানতে চাইলে তিনি তখন আলী আকবার পরিচয় দিয়ে চলে যান। সোমবার গ্রেফতারের পর দেখা গেছে সেই সময় আলী আকবার পরিচয় দেওয়া ব্যক্তিটি আসলে সুইডেন আসলাম।
