পুলিশের সিসি ক্যামেরায় মোটরসাইকেল চুরির ভিডিওচিত্র: ৯ দিনেও আটক হয়নি চোর
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
মসজিদের সামনে থেকে মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার ভিডিওচিত্র রয়েছে পুলিশের কাছে। ছবিতে চোরের চেহারা এবং শারীরিক আকৃতি স্পষ্ট। অথচ গত ৯ দিনেও চুরি যাওয়া ওই মোটরসাইকেল উদ্ধার কিংবা চোর আটক করতে পারেনি পুলিশ।
ঘটনাটি ঘটেছে গত ২৮ জুলাই দুপুরে বরিশাল নগরীর সিএন্ডবি রোডের শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ মসজিদ চত্ত্বরে জুমার নামাজের সময়। এ ঘটনায় মোটরসাইকেল মালিক ওই দিনই কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়রি দায়ের করেন।
নগরীর বৈদ্যপাড়ার বাসিন্দা মোটরসাইকেল মালিক রাহাত হাওলাদার জানান, গত ২৮ জুলাই জুমার নামাজের সময় তার এফজেড মোটরসাইকেলটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ মসজিদ চত্ত্বরে রেখে মসজিদে নামাজ আদায় করেন। নামাজ শেষে বের হয়ে দেখেন মোটরসাইকেলটি নেই। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলটির সন্ধান না পেয়ে ওইদিনই কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়রি করেন তিনি। ওই এলাকার সড়কে পুলিশের সিসি ক্যামেরার ফুটেজে মোটরসাইকেল চুরি করে নেয়া এবং চোরের চেহারা আকৃতি সব কিছু স্পষ্ট দেখা গেছে।
এ ব্যাপারে জানতে তদন্ত কর্মকর্তা মো. সেলিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
কোতয়ালী মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, দুইদিন আগেও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার হয়েছে সিসি ক্যামেরার ফুটেজের সহায়তা নিয়ে। ওই ঘটনায় মামলা হয়েছে। চুরির সব ঘটনা গুরুত্বে সঙ্গে তদন্ত হচ্ছে। মসজিদের সামনে থেকে মোটরসাইকেল চুরির ফুটেজ পাওয়া গেছে। মোটরসাইকেলটি উদ্ধার এবং অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।
