পুলিশ দেখে পানিতে ঝাঁপ, সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের শাহরাস্তিতে গ্রেফতার এড়াতে পুলিশ দেখে দীঘির পানিতে ঝাঁপ দিয়ে ডুবে ছফিউল্লাহ ওরফে ছবুর (৫৫) নামে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যার দিকে শাহরাস্তি মাজারের দীঘিতে স্থানীয়রা জাল ফেলে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। ছবুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড শ্রীপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।

স্থানীয়রা জানান, একটি মামলায় ৬ মাসের সাজার পরোয়ানা থাকায় শাহরাস্তি থানার এএসআই সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ তাকে গ্রেফতারে অভিযান চালায়। ওই সময় গ্রেফতার এড়াতে সে মাজারের দীঘিতে ঝাঁপ দেয়। সাথে সাথে পুলিশ তাকে উদ্ধারে পানিতে ঝাঁপ দিলেও তাকে পায়নি। এক পর্যায়ে এলাকার লোকজন দীঘিতে জাল ফেলে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।
পৌরসভার ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী আ. কুদ্দুস রানা জানান, তারা বিকেলে এলাকার লোকজন এবং মৃত ছফিউল্লাহসহ এক ঘটনা সমাধানের জন্য বৈঠকে বসেন। ছফিউল্লাহ বৈঠক থেকে বের হলে পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা চালায়।

পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এলাকাবাসী নৌকা ও জাল ফেলে ছফিউল্লাহকে উদ্ধারের চেষ্টা চালায়। একপর্যায়ে মাছ ধরার জাল দিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।

শাহরাস্তি থানার ওসি মোহাম্মদ আবুল বাসার বলেন, ওই ব্যক্তি মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি। তিনি পুলিশ দেখেই দীঘিতে ঝাঁপ দেন। সেখানে তিনি পানিতে তলিয়ে যান। তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights