পঞ্চগড়ে ৫৭ হাজার কিশোরী পাবে জরায়ুমুখ ক্যানসারের টিকা
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে ৫৭ হাজার কিশোরীকে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে এইচপিভি টিকা দেওয়া হবে। বুধবার (২৩ অক্টোবর) জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।
এসময় সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এইচপিভি টিকার বিশেষ কর্মসূচি টিকাদানের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশে নারীদের ক্যান্সারজনিত মৃত্যুর মধ্যে জরায়ুমুখ ক্যান্সার দ্বিতীয় সর্বোচ্চ। এইচপিভি টিকা জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ করে৷ জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এই টিকার একটি ডোজই যথেষ্ট।
তিনি আরও বলেন, এইচপিভি টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত, নিরাপদ ও কার্যকর। পঞ্চগড়ের পাঁচ উপজেলায় এবার ৫৭ হাজার কিশোরীকে এইচপিভি টিকা দেয়া হবে বলে জানান তিনি।
সিভিল সার্জন জানান, আগামীকাল বৃহস্পতিবার ঢাকা ব্যতীত সাত বিভাগে এই টিকাদান কার্যক্রম শুরু হবে। পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রী এবং স্কুলের বাইরে থাকা ১০ থেকে ১৪ বছরের কিশোরীরা এ টিকা বিনামূল্যে পাবে। এই টিকা নিতে হলে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির ওয়েবসাইটে গিয়ে জন্মনিবন্ধন নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে। যাদের অনলাইন জন্মনিবন্ধন সনদ নেই, তাদেরও বিশেষভাবে তালিকাভুক্ত করে টিকা দেওয়া হবে। নিবন্ধন কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে। তিনি সকল কিশোরীকে অনলাইনে রেজিস্ট্রেশন করে এই টিকা নেয়ার আহ্বান জানান।
