রংপুরে পিপি-জিপিসহ ৩৪ সরকারি আইন কর্মকর্তা নিয়োগ

রংপুর জেলার বিভিন্ন আদালতে পিপি ও জিপিসহ ৩৪ আইনজীবীকে সরকারি আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। পাশাপাশি আগের নিয়োগ করা আইন কর্মকর্তাদের নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে। তাদের নিজ নিজ পদের দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নিয়োগ পাওয়া একাধিক আইনজীবী।

জানা গেছে, মঙ্গলবার রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর উইং থেকে উপ-সলিসিটর (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইনের সই করা এই নিয়োগ আদেশ জারি করা হয়।
আদেশ অনুযায়ী, রংপুর জেলা জজ আদালতের জিপি (সরকারি কৌঁসুলি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. একরামুল হক। একই আদালতে অতিরিক্ত জিপি হিসেবে চারজন এবং সহকারী জিপি হিসেবে তিনজন নিয়োগ পেয়েছেন।

পিপি (পাবলিক প্রসিকিউটর) হিসেবে জেলা ও দায়রা জজ আদালতে মো. আফতাব উদ্দিন এবং তিনটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তিনজন, বিশেষ জজ আদালতে একজন, সাইবার ট্রাইব্যুনালে একজন ও সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে একজন নিয়োগ পেয়েছেন। পাশাপাশি মানবপাচার অপরাধ ট্রাইব্যুনালে একজন বিশেষ প্রসিকিউটর ও একজন সহকারী বিশেষ প্রসিকিউটরকে নিয়োগ দেওয়া হয়েছে।

অতিরিক্ত পিপি হিসেবে জেলা ও দায়রা জজ আদালতে নয়জন ও বিশেষ জজ আদালতে একজন এবং সহকারী পিপি হিসেবে সাতজন নিয়োগ পেয়েছেন।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের সরকারের পতনের পর সারা দেশে সরকারি প্রতিষ্ঠানগুলোতে রদবদলসহ সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এর অংশ হিসেবে রংপুরে নতুন ৩৪ জনকে সরকারি আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights