পুলিশ পরিদর্শক হত্যা : আরাভ খানসহ ৮ আসামির বিরুদ্ধে রায় ফের পেছাল

নিজস্ব প্রতিবেদক

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলায় দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানসহ আট আসামির বিরুদ্ধে রায় ঘোষণার দিন ফের পিছিয়েছে। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন গালিব আগামী ১৭ এপ্রিল নতুন রায় ঘোষণার দিন ধার্য করেন।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য ৫ মার্চ দিন ধার্য করেন। তবে সেদিন রায় প্রস্তুত না হওয়ায় রায় ঘোষণার তারিখ পিছিয়ে ১৮ মার্চ করা হয়। সেদিনও রায় প্রস্তুত না হওয়ায় আজ ৯ এপ্রিল রায়ের জন্য দিন ধার্য করেন আদালত। মামলাটির বিচার চলাকালে ৩৮ জন সাক্ষীর মধ্যে ২৬ জন সাক্ষ্য দেন।

মামলার আসামিরা হলেন— দুবাইয়ে স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খান, তার স্ত্রী সুরাইয়া আক্তার কেয়া, রহমত উল্লাহ, স্বপন সরকার, দিদার পাঠান, মিজান শেখ, আতিক হাসান, সারোয়ার হোসেন এবং অপ্রাপ্তবয়স্ক দুই কিশোরী। আসামিদের মধ্যে রবিউল ও তার স্ত্রী পলাতক রয়েছেন। বাকিরা কারাগারে আছেন। আর অপ্রাপ্তবয়স্ক দুই কিশোরী জামিনে আছে। তাদের বিচার শিশু আদালতে চলছে।

মামলার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৯ জুলাই গাজীপুরের জঙ্গল থেকে পুলিশ পরিদর্শক মামুন ইমরান খানের লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় মামুনের ভাই জাহাঙ্গীর আলম খান বাদী হয়ে রাজধানীর বনানী থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ৮ এপ্রিল আদালতে এ মামলার চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। এরপর ২০২১ সালের ২৫ নভেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights