পূজায় ৭ দিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম সাত দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই দফায় ১৭ থেকে ২১ অক্টোবর এবং ২৫ ও ২৬ অক্টোবর বন্দরটির বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
বৃহস্পতিবার ভারতের আগরতলার ইন্দো-বাংলা এক্সপোর্টার-ইমপোর্টার কমিউনিকেশন সেন্টারের পক্ষ থেকে আগরতলা স্থলবন্দরের সুপারিনটেনডেন্ট অব কাস্টমসকে দেওয়া এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। পরে চিঠির অনুলিপি বাংলাদেশের ব্যবসায়ী সংগঠনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়।
চিঠি সূত্রে জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। এরপর ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত তিন দিন বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক থাকবে। লক্ষ্মীপূজা উপলক্ষে ২৫ ও ২৬ অক্টোবর আবারও দুই দিন বন্ধ থাকবে বন্দরটি। ২৭ অক্টোবর থেকে পুনরায় নিয়মিত কার্যক্রম শুরু হবে।
ছুটির বিষয়টি নিশ্চিত করে আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নেসার উদ্দিন ভূঁইয়া জানান, দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের যৌথ সিদ্ধান্তে এ ছুটি নির্ধারণ করা হয়েছে। ছুটির কারণে শুক্রবার মাছ রপ্তানিও বন্ধ রাখা হয়েছে। বিষয়টি বন্দরের সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
