পূর্বাচলে অনুমোদনহীন আবাসন প্রকল্প বন্ধের দাবি বিএলডিএর
অনলাইন ডেস্ক
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন পূর্বাচল নতুন শহর ও তৎসংলগ্ন এলাকায় একশ্রেণির অসাধু, অননুমোদিত ও তথাকথিত রিয়েল এস্টেট/আবাসন ব্যবসায়ী সম্পূর্ণ বেআইনিভাবে ল্যান্ড প্রজেক্টের নামে তাদের অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছে। রাজউকের কোনো প্রকার অনুমোদন, ছাড়পত্র কিংবা আইনগত বৈধতা না থাকা সত্ত্বেও এসব প্রতিষ্ঠান সাইনবোর্ড স্থাপন, প্রচার-প্রচারণা ও আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে প্লট বিক্রির নামে প্রতারণামূলক ব্যবসা চালিয়ে যাচ্ছে।
সোমবার বাংলাদেশ ল্যান্ড ডেভেলপারস অ্যাসোসিয়েশনের (বিএলডিএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়েছে, এ ধরনের প্রকাশ্য বেআইনি কর্মকাণ্ড শুধু প্রচলিত আইন ও বিধিবিধানের সুস্পষ্ট লঙ্ঘনই নয়, বরং সাধারণ জনগণের সঙ্গে প্রতারণা এবং দেশের আবাসন খাতের শৃঙ্খলা ও ভাবমূর্তি বিনষ্টের একটি গুরুতর অপচেষ্টা। এসব তথাকথিত প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে তাদের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নিচ্ছে। একই সঙ্গে পূর্বাচলের পরিকল্পিত মাস্টারপ্ল্যান, নির্ধারিত ভূমি ব্যবহার, জলাশয়, পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
উল্লেখ্য, বৈধ অনুমোদন ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করে আবাসন ব্যবসা পরিচালনাকারী নিবন্ধিত ডেভেলপার প্রতিষ্ঠানগুলো যখন নানা বিধিনিষেধ ও নিয়মকানুন মেনে কার্যক্রম পরিচালনা করছে, তখন একশ্রেণির অবৈধ প্রতিষ্ঠান কোনো ধরনের জবাবদিহি ছাড়াই প্রকাশ্যে তাদের অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। এ ধরনের বৈষম্যমূলক পরিস্থিতি শুধু বৈধ আবাসন ব্যবসায়ীদের স্বার্থ ক্ষুণ্ন করছে না, বরং আইনের শাসন ও নিয়ন্ত্রক সংস্থার কার্যকারিতা নিয়েও গুরুতর প্রশ্নের অবকাশ সৃষ্টি করছে।
এমতাবস্থায়, বিষয়টিকে অত্যন্ত জরুরি ও জনস্বার্থসংশ্লিষ্ট হিসেবে বিবেচনা করে ব্যবস্থা গ্রহণের বাংলাদেশ ল্যান্ড ডেভেলপারস অ্যাসোসিয়েশনের (বিএলডিএ) পক্ষ থেকে জোরালো কিছু দাবি উত্থাপন জানানো হয়েছে। দাবিগুলো হলো:
১। পূর্বাচল ও তৎসংলগ্ন এলাকায় পরিচালিত সকল ল্যান্ড প্রজেক্টের অনুমোদন ও আইনগত বৈধতা যাচাইপূর্বক অবিলম্বে সরেজমিন তদন্ত পরিচালনা করা;
২। রাজউকের অনুমোদনবিহীন সকল প্রকল্পের প্লট বিক্রয়, বুকিং, বিজ্ঞাপন, প্রচার-প্রচারণাসহ যাবতীয় বাণিজ্যিক কার্যক্রম অবিলম্বে বন্ধের জন্য নির্দেশনা প্রদান করা;
৩। অবৈধ প্রকল্প পরিচালনাকারী প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতারকচক্রের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর নির্বতনমূলক ব্যবস্থা গ্রহণ করা;
৪। অবৈধ প্রকল্পের সাইনবোর্ড, বিজ্ঞাপন ও অন্যান্য প্রচারণামূলক উপকরণ অপসারণসহ পুনরায় এ ধরনের কার্যক্রম পরিচালনা প্রতিরোধে কার্যকর নজরদারি নিশ্চিত করা;
৫। ভবিষ্যতে যাতে কোনো প্রতিষ্ঠান রাজউকের অনুমোদন ব্যতিরেকে এ ধরনের অবৈধ প্রকল্প পরিচালনা বা প্লট বিক্রির সুযোগ না পায়, সে লক্ষ্যে নিয়মিত মনিটরিং ও প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা।
বিএলডিএর সচিব এ কে এম নওশেরুল আলমের স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের প্রকাশ্য বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত ও দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের দাবি। কোনো ধরনের শৈথিল্য, অবহেলা কিংবা দায়সারা পদক্ষেপ অবৈধ কর্মকাণ্ডকে আরও উৎসাহিত করবে এবং সাধারণ জনগণ ও বৈধ আবাসন ব্যবসায়ীদের স্বার্থকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। অতএব, জনস্বার্থ রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, পূর্বাচল ও তৎসংলগ্ন এলাকার পরিকল্পিত উন্নয়ন এবং বৈধ আবাসন শিল্পের স্বার্থ রক্ষায় জরুরি ভিত্তিতে বাংলাদেশ ল্যান্ড ডেভেলপারস অ্যাসোসিয়েশনের (বিএলডিএ) প্রস্তাবিত উপরোক্ত কার্যক্রম পরিচালনা করা একান্ত প্রয়োজন।
