পৃথিবীর কক্ষপথে নতুন ‘খুদে চাঁদ’, থাকবে ডিসেম্বর পর্যন্ত
অনলাইন ডেস্ক
পৃথিবী এখন অস্থায়ীভাবে দ্বিতীয় আরেকটি চাঁদের সঙ্গ পাচ্ছে। গত এপ্রিলে পৃথিবীর অভিকর্ষ বল ক্ষুদ্র এই গ্রহাণুটিকে নিজের কক্ষপথে আটকে ফেলে।
প্রায় ২ মিটার বা ৬ ফুট ব্যাসের এই অস্থায়ী ‘মিনি-মুন’ বা খুদে চাঁদটি আগামী ডিসেম্বরের শুরু পর্যন্ত পৃথিবীর চারপাশে থাকবে। এরপর এটি পৃথিবীর অভিকর্ষীয় বলয়ের প্রভাব কাটিয়ে সূর্যের চারপাশে নিজস্ব কক্ষপথে ছুটতে শুরু করবে।
বস্তুটি আকারে এতটাই ছোট এবং পর্যবেক্ষণে এতটাই অনুজ্জ্বল যে, এটি কোনো অচল কৃত্রিম উপগ্রহ বা তার ধ্বংসাবশেষ নয় তা নিশ্চিত হতে জ্যোতির্বিজ্ঞানীদের কয়েক সপ্তাহ সময় লেগেছে। সৌরজগতের গ্রহাণু, ধূমকেতু ও অন্যান্য ক্ষুদ্র বস্তুর গতিবিধি পর্যবেক্ষণকারী সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের (আইএইউ) মাইনর প্ল্যানেট সেন্টার অক্টোবরের শেষ দিকে নতুন এই গ্রহাণুটির নাম দিয়েছে ‘২০২৬ কিউকিউ৮’।
‘মিনি-মুন’ কোনো দাপ্তরিক বা স্বীকৃত নাম না হলেও জ্যোতির্বিজ্ঞানীরা এর আগে হাতেগোনা কয়েকটি প্রাকৃতিক মহাজাগতিক বস্তুকে বোঝাতে এই নামটি ব্যবহার করেছেন। এর মধ্যে রয়েছে ‘২০০৬ আরএইচ১২০’, যা প্রায় এক বছর পৃথিবীর কক্ষপথে ছিল এবং ‘২০২০ সিডি৩’, যা প্রায় তিন বছর আমাদের গ্রহকে প্রদক্ষিণ করেছিল।
তবে পৃথিবীর এমন ক্ষণস্থায়ী সঙ্গী থাকা মোটেও অস্বাভাবিক কোনো ঘটনা নয়। মাইনর প্ল্যানেট সেন্টারের পরিচালক ম্যাথিউ পেইন বলেন, ‘গড় হিসাবে, যেকোনো সময়েই সম্ভবত এমন একটি বস্তু পৃথিবীর আশপাশে থাকে। এগুলো কয়েক সপ্তাহ বা কয়েক মাস এখানে অবস্থান করে। কখনো একটিও থাকে না, আবার কখনো দুটিও দেখা যায়।’
এ ধরনের মহাজাগতিক আগন্তুকের তালিকা তুলনামূলকভাবে বেশ ছোট, কারণ এগুলো সাধারণত নজরদারির আড়ালেই থেকে যায়। পেইন আরও বলেন, ‘এগুলোর বেশির ভাগই আকারে অত্যন্ত ছোট। অনেক সময় এগুলো কিছুটা দূরে থাকে এবং আমাদের দৃষ্টিকোণ থেকে বেশ দ্রুতগতিতে ছুটতে থাকে—এই দুটি কারণেই বর্তমান পর্যবেক্ষণ যন্ত্রগুলোর পক্ষে এগুলোকে খুঁজে পাওয়া বেশ কঠিন হয়ে পড়ে।’
বর্তমানে ‘২০২৬ কিউকিউ৮’ পৃথিবীতে আঘাত হানতে পারে—এমন কোনো আশঙ্কা নেই। বস্তুটি আকারে ছোট হওয়ার ভালো দিক হলো, এটি যদি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করেও ফেলে, তবুও কোনো ক্ষতি না করেই ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। পেইন বলেন, ‘বড়জোর আকাশে একটি উজ্জ্বল উল্কা দেখা যাবে এবং হালকা একটি শব্দ শোনা যেতে পারে।’
শনাক্ত করার কঠিন প্রক্রিয়া
জ্যোতির্বিজ্ঞানী ক্রিস্টিয়ান সারনেজকি গত আগস্টে বস্তুটি প্রথম শনাক্ত করেন এবং সাময়িকভাবে এর নাম দেন ‘সার২৯০১’। হাঙ্গেরির কনকলি মানমন্দিরের গবেষণা সমন্বয়ক সারনেজকি এক ইমেইলে জানান, ‘২০২০ সাল থেকে আকাশ পরিষ্কার থাকলেই প্রতি রাতে আমি পৃথিবীর কাছাকাছি থাকা গ্রহাণু খুঁজি। আবিষ্কারের সময় এটিকে আমার আগে খুঁজে পাওয়া প্রায় চারশটি গ্রহাণুর মতোই সাধারণ মনে হয়েছিল। কক্ষপথের নিখুঁত হিসাব-নিকাশ করার পরই কেবল এর ভিন্ন বৈশিষ্ট্যটি সামনে আসে।’
পৃথিবীর নিকটবর্তী গ্রহাণু বা নিয়ার-আর্থ অ্যাস্টেরয়েড হলো সেই সব মহাজাগতিক শিলাখণ্ড, যেগুলো কক্ষপথে ঘোরার সময় আমাদের গ্রহের তুলনামূলক কাছাকাছি চলে আসে। এগুলো ‘নিয়ার-আর্থ অবজেক্টস’ বা এনইও নামের একটি বড় শ্রেণির অন্তর্ভুক্ত, যার মধ্যে ধূমকেতুও রয়েছে।
নতুন এই খুদে চাঁদ বা মিনি-মুন আবিষ্কারের পরপরই জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে দ্বিধা তৈরি হয়েছিল—এটি প্রাকৃতিক কোনো বস্তু নাকি মানুষের তৈরি কৃত্রিম কোনো উপগ্রহের অংশ। সারনেজকি জানান, কয়েক সপ্তাহ ধরে সূর্যের আলো ও বিকিরণ বস্তুটির গতিপথে কীভাবে প্রভাব ফেলছে, তা পর্যবেক্ষণ করার পরই এর প্রকৃতি সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হয়েছে। অবশেষে অ্যারিজোনার লোয়েল ডিসকভারি টেলিস্কোপ এবং হাওয়াই বিশ্ববিদ্যালয়ের মাউনা কেয়া মানমন্দিরের শক্তিশালী টেলিস্কোপের সাহায্যে নিশ্চিত হওয়া যায় যে, ‘২০২৬ কিউকিউ৮’ একটি প্রাকৃতিক মহাজাগতিক বস্তু। পেইন জানান, মহাজাগতিক এই শিলাখণ্ডটির সঠিক উৎস কী, তা এখনো ‘গবেষণাধীন একটি বিষয়’। তবে অধিকাংশ নিয়ার-আর্থ অবজেক্ট বা এনইও-র উৎপত্তি মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মাঝখানের গ্রহাণুপুঞ্জ বা অ্যাস্টেরয়েড বেল্ট থেকে। এই অঞ্চলে সূর্যের চারপাশে ঘুরতে থাকা বিভিন্ন আকারের লাখ লাখ পাথুরে বস্তু রয়েছে। লাখ লাখ বছর ধরে মহাকর্ষ বলের প্রভাবে এগুলোর কয়েকটির কক্ষপথ সৌরজগতের ভেতরের দিকে সরে আসে।
পেইন বলেন, ‘পৃথিবীর কাছাকাছি কক্ষপথে থাকা এই বস্তুগুলোর কোনো একটি যদি খুব বেশি গতিতে পাশ কাটিয়ে চলে না গিয়ে কিছুটা ধীরগতিতে এগিয়ে আসে, তবে কখনো কখনো এটি পৃথিবীর কাছাকাছি আটকে যেতে পারে। বস্তুটি পৃথিবীর সঙ্গেই চলতে থাকে এবং ধীরে ধীরে আরও কাছে সরে আসে। একসময় এটি পৃথিবী ও চাঁদের অভিকর্ষ বলের টান বেশি করে অনুভব করতে শুরু করে। এই টানের ফলে এটি আগের পথ থেকে কিছুটা সরে যায় এবং পৃথিবীর চারপাশে ঘুরতে শুরু করে।’
পেইনের তথ্যানুযায়ী, জ্যোতির্বিজ্ঞানীরা এ পর্যন্ত প্রায় ৪০ হাজার এনইও এবং সৌরজগতে সব মিলিয়ে প্রায় ১৫ লাখ মহাজাগতিক বস্তু শনাক্ত করেছেন। তবে অচিরেই এই সংখ্যা অনেক বেড়ে যাবে।
তথ্যসূত্র- সিএনএন
