প্রকৌশলীদের বাতিঘর ছিলেন খালেদা জিয়া: আইইবি
অনলাইন ডেস্ক
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি, রাজধানীর প্রাণকেন্দ্রে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) অবকাঠামো উন্নয়ন এবং প্রকৌশলীদের একাডেমিক অগ্রগতির জন্য আজীবন কাজ করে গেছেন দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আইইবির আজীবন সদস্য বেগম খালেদা জিয়া—এমন মন্তব্য করেছেন আইইবির নেতৃবৃন্দ।
তারা বলেন, জাতীয়তাবাদী প্রকৌশলীদের ঐক্যবদ্ধ রাখতে বেগম খালেদা জিয়া নিরলসভাবে নেতৃত্ব দিয়েছেন। প্রকৌশলীদের স্বপ্ন, আশা ও উন্নয়নের প্রেরণার বাতিঘর ছিলেন তিনি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে আইইবির কৃষিকৌশল বিভাগের উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
কৃষিকৌশল বিভাগের সম্পাদক প্রকৌশলী মো. বেলাল সিদ্দিকী সজীবের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)-এর প্রধান উপদেষ্টা প্রকৌশলী এ এন এইচ আক্তার হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন আইইবির ভাইস-প্রেসিডেন্ট প্রকৌশলী খান মঞ্জুর মোর্শেদ, প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া, প্রকৌশলী এ টি এম তানবীর-উল হাসান (তামাল), ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদার, কৃষিকৌশল বিভাগ আইইবির চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মাওলা, ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ সরোয়ার মাওলা এবং সদস্য প্রকৌশলী আবুল খায়ের মো. মাযহারুল ইসলাম কনকসহ আইইবি ও কৃষিকৌশল বিভাগের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং রাষ্ট্র পরিচালনায় তার ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
অনুষ্ঠানে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয় এবং তার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র ও রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। অনুষ্ঠানের শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
