প্রতি মাসের প্রথম শনিবার ডিএসসিসিতে ‘ক্লিনিং ডে’ ঘোষণা আবদুস সালামের

অনলাইন প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ এবং নগর পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রতি মাসের প্রথম শনিবারকে ‘ক্লিনিং ডে’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম আজ নগর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন। আগামী ৯ মে থেকে এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

ডিএসসিসি প্রশাসক বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা এব পরিচ্ছন্নতাই আমাদের প্রধান অস্ত্র। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও নাগরিকরা যদি নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখেন, তবেই মশাবাহিত রোগ নির্মূল করা সম্ভব।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী ডিএসসিসি এলাকার সব সরকারি প্রতিষ্ঠান, আবাসিক কোয়ার্টার, শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা), রাজউক ও রিহ্যাবের আওতাধীন এলাকা এবং ব্যক্তিমালিকানাধীন প্লটগুলোতে প্রতি মাসে স্বতঃস্ফূর্তভাবে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।

সভায় আরও জানানো হয়, মশক নিধন কার্যক্রমে ব্যবহৃত কীটনাশকের মান, প্রয়োগ পদ্ধতি এবং কর্মীদের প্রশিক্ষণ বিষয়ে সর্বোচ্চ পেশাদারিত্ব নিশ্চিত করা হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না বলে প্রশাসক সতর্ক করেন।

এছাড়া, ডিএসসিসি প্রশাসক গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাণিজ্যিক প্রচারণার পাশাপাশি ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক তথ্য প্রচারে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

মতবিনিময় সভায় স্বাস্থ্য অধিদপ্তর, ডিএমপি, ডিএমসি, বিজিবি, ইসলামিক ফাউন্ডেশন, রাজউক, বাংলাদেশ রেলওয়ে, রিহ্যাব, শিক্ষা অধিদপ্তর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights