প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা

অনলাইন ডেস্ক
সদ্য আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে দক্ষিণ আফ্রিকা। লর্ডসের ফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন এবং ২৭ বছর পর আইসিসি ইভেন্টের শিরোপা জিতে নেয় প্রোটিয়ারা। বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ১১১ রেটিং নিয়ে টেবিলের তৃতীয় স্থানে ছিল দক্ষিণ আফ্রিকা। ফাইনাল জয়ের পর ৩ রেটিং পেয়ে এক ধাপ এগিয়ে র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে উঠল প্রোটিয়ারা।

দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় স্থান জায়গা করে নেওয়ায় তৃতীয় স্থানে নেমে যেতে হয়েছে ইংল্যান্ডকে। তাদের রেটিং ১১৩। দক্ষিণ আফ্রিকার সাথে ইংল্যান্ডের রেটিং ব্যবধান মাত্র ১।

দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হারলেও র‌্যাংকিংয়ে কোনো অবনতি হয়নি অস্ট্রেলিয়ার। ১২৩ রেটিং নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে অজিরা।

আগের মতো চতুর্থ থেকে অষ্টম স্থানে আছে যথাক্রমে-ভারত (১০৫ রেটিং), নিউজিল্যান্ড (৯৫ রেটিং), শ্রীলঙ্কা (৮৭ রেটিং), পাকিস্তান (৭৮ রেটিং) ও ওয়েস্ট ইন্ডিজ (৭৩ রেটিং)। ৬২ রেটিং নিয়ে নবম স্থানে আছে বাংলাদেশ।

শেষ তিনটি স্থানে আছে আয়ারল্যান্ড, আফগানিস্তান ও জিম্বাবুয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights