প্রথমার্ধ শেষে ৩ গোলে এগিয়ে স্পেন
অনলাইন ডেস্ক
জর্জিয়ার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে সৌদি আরবের বিপক্ষে খেলতে নেমে স্পেন অবিশ্বাস্য খেলা শুরু করেছে। মাঠে একক আধিপত্য দেখিয়ে প্রথমার্ধ শেষে ৩-০ গোলে এগিয়ে আছে স্পেন।
বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হয় ‘এইচ’ গ্রুপের এই ম্যাচ। শুরুতেই দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা জমতে থাকে। একপর্যায়ে ১০ মিনিটের মাথায় সৌদির জালে বল পাঠায় স্পেন। পেশির চোট কাটিয়ে দলে ফেরা লামিন ইয়ামালের পাস থেকে প্রথম গোলের দেখা পায় দলটি।
অথচ ইয়ামাল দলে থাকবে কিনা, সেই নিশ্চিয়তা ছিল না। সব অনিশ্চয়তা দূর করে শেষ পর্যন্ত শুরুর একাদশেই দলে জায়গা পান তিনি। গোল করে তার উপর রাখা আস্থার প্রতিদানও দিলেন ইয়ামাল।
এদিকে সৌদি আরবও পাল্টা গোল দিতে মরিয়া হয়ে ওঠে। তবে সৌদি না পারলেও আবার সফলতার মুখ দেখে স্পেন। ২১ মিনিটে মিকেল ওইয়ারসাবাল সৌদি রক্ষণভাগকে ফাঁকি দিয়ে ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে দেন। এতে ২-০ গোলে এগিয়ে যায় স্পেন।
এর তিনি মিনিট পর আবারও সৌদি জালে বল পাঠায় স্পেন। এবারও গোল করেন মিকেল ওইয়ারসাবাল। মাঠের এক প্রান্ত থেকে উড়ে আসা এক কোণাকুণি ক্রস দারুণ দক্ষতায় বুক দিয়ে নিয়ন্ত্রণে নেন মার্ক কুকুরেয়া। সেখান থেকে দানি ওলমো মাথা ছুঁইয়ে বল বাড়িয়ে দেন সামনে। আর বল পেয়েই নিখুঁত শটে জালে জড়াতে একদম ভুল করেননি মিকেল ওইয়ারসাবাল।
অল্প সময়ের ব্যবধানে এটি ওইয়ারসাবালের দ্বিতীয় গোল। সৌদি আরব কিছু বুঝে ওঠার আগেই স্কোরলাইন ৩-০ করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নিয়েছে স্পেন।
উল্লেখ্য, বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে মুখোমুখি হয়েছে ফিফা র্যাঙ্কিংয়ের তিন নম্বর দল স্পেন এবং ৫৯ নম্বর অবস্থানে থাকা সৌদি আরব।
দুই দলই এখন পর্যন্ত এই আসরে জয়হীন। প্রথম ম্যাচে কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র করেছে স্পেন, অন্যদিকে উরুগুয়ের বিপক্ষে ১-১ ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে সৌদি আরব।
স্পেন ও সৌদি আরব এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে, যার সবকটিতেই জয় পেয়েছে স্পেন। এই তিন ম্যাচে স্পেন করেছে ৯ গোল এবং হজম করেছে মাত্র ২ গোল। এর মধ্যে বিশ্বকাপ মঞ্চে ২০০৬ সালের গ্রুপ পর্বে ১-০ ব্যবধানে জয় পেয়েছিল স্প্যানিশরা।
