ধর্ষণ চেষ্টার পর তরুণীর রহস্যজনক মৃত্যু, বৃদ্ধ গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে এক শারীরিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে নূর মোহাম্মদ হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। পরিবারের দাবি, ঘটনার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়া ওই শারীরিক প্রতিবন্ধী তরুণী পরে মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর শনিবার রাতে অভিযান চালিয়ে একমাত্র আসামি নূর মোহাম্মদ হাওলাদারকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতার নূর মোহাম্মদ উপজেলার উত্তর ফুলহাতা গ্রামের হাফিজ উদ্দিন হাওলাদারের ছেলে।

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, গত ৫ জুন সকালে উপজেলার উত্তর ফুলহাতা গ্রামের শারীরিক প্রতিবন্ধী মীম আক্তার (২৪) স্থানীয় একটি পানির ট্যাংকি থেকে পানি আনতে যান। এ সময় একই এলাকার নূর মোহাম্মদ হাওলাদার তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। পরে ভুক্তভোগী বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। ঘটনার পর থেকেই মীম আক্তার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে অস্বাভাবিক আচরণ করতে থাকে। ওই ঘটনায় সৃষ্ট ভয় ও মানসিক আঘাতের কারণে গত ২০ জুন সন্ধ্যায় নিজ বাড়িতে মীম আক্তার মারা যান। শনিবার দিবাগত রাতে নিহত মিম আক্তারের বাবা মো. মিলন জোমাদ্দার থানায় মামলা দায়েরের পর আসামি নূর মোহাম্মদ হাওলাদারকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত নূর মোহাম্মদ হাওলাদারকে রবিবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারের পাঠানোর নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights