প্রথম শ্রেণিতে ভর্তিতে বয়স হতে হবে ছয় বছরের বেশি এক শাখায় ৫৫ জনের বেশি নয়, নীতিমালা জারি

নিজস্ব প্রতিবেদক

স্কুলের কোনো শ্রেণির কোনো শাখায় ৫৫ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করা যাবে না বিধান রেখে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ছয় বছরের বেশি হতে হবে। শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইন আবেদন ও লটারির তারিখ নির্ধারণ করবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ভর্তির এ নীতিমালা প্রকাশিত হয়েছে। ২০২৪ শিক্ষাবর্ষের জন্য দেশের সব মাধ্যমিক বিদ্যালয়কে ভর্তির ক্ষেত্রে এ নীতিমালা অনুসরণ করতে হবে। নীতিমালা অনুযায়ী বিদ্যালয়ের এন্ট্রি শ্রেণিতে ও আসন শূন্য থাকা সাপেক্ষে নবম শ্রেণি পর্যন্ত সব শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা যাবে। একজন শিক্ষার্থী প্রতি ক্লাস্টারের একই আবেদনে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয়ে ভর্তির পছন্দক্রম দিতে পারবে। তবে ডাবল শিফট স্কুলে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম সম্পাদন হয়েছে বলে ধরে নেওয়া হবে।

‘জাতীয় শিক্ষানীতি ২০১০’ অনুযায়ী প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ছয় বছরের বেশি হতে হবে। শিক্ষার্থীর বয়স নির্ধারণের জন্য ভর্তির আবেদন ফরমের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির মোট আসনের ১০ শতাংশ কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। এ ছাড়া ঢাকা মহানগরীর সরকারি বিদ্যালয়সংলগ্ন ক্যাচমেন্ট এরিয়ার শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ কোটা সংরক্ষণ করতে হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতর ঢাকা মহানগরীর সব সরকারি বিদ্যালয়ের আওতাধীন ক্যাচমেন্ট এরিয়া নির্ধারণ করে সংশ্লিষ্টদের অবহিত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights