প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ পুনর্গঠনের কাজ চলছে: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, রংপুর

সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আওয়ামী লীগ এমন লুটপাট করছে যে, তাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। তারা দেশের অর্থনীতিকে ভেঙে দিয়েছে। সেই পর্যায় থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠনের কাজ চলছে। বৈশ্বিক অস্থিরতার কারণে দেশে দ্রব্যমূল্য বেড়েছে। কিন্তু প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে এখনও দেশের মানুষ তিনবেলা খেতে পারছেন।

শুক্রবার দুপুরে রংপুর মিঠাপুকুর বেনুবন বিহারে বৌদ্ধ ধর্ম অনুসারীদের কঠিন চীবর দান উৎসবে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের উদ্দেশে তিনি আরও বলেন, সোশ্যাল মিডিয়ায় অনেকে ষড়যন্ত্রের কথা বলে বিভিন্ন ধরনের উসকানি দিচ্ছে। আমরা বলতে চাই- এত খুন, গুম, মানুষকে পঙ্গু করে ফেলার পরও কীভাবে ভাবেন আপনাদের বিচার হবে না। দেশে আইনের শাসন রয়েছে। অন্যায় করলে তার খেসারত দিতে হবে। জনগণের সাথে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি পাঁচ আগস্টের মতোই হবে।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বৌদ্ধ ধর্মের মূলমন্ত্র হচ্ছে জগতের সকল প্রাণী সুখী হোক। আমরা সম্মিলিতভাবে অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই। আগামীর বাংলাদেশ গঠনে ধর্ম, বর্ণ, নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল। বিএনপি জনগণের মাঝেই বেঁচে থাকতে চায়। শহীদ জিয়াউর রহমান জনগণের মাঝে থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। একই পথে হেঁটেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

উত্তরবঙ্গ সংঘ নায়ক ভদন্ত সোমানন্দ মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, জেলা প্রশাসক ইসরাত জাহান, বেনুবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শুভমিত্র ভিক্ষু।

আরও বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব পরিতোষ চক্রবর্তী, মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, আদিবাসী স্বপন এক্কা, পিংকি তিজ্ঞাসহ অন্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights