প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে চেয়ে টিউলিপের চিঠি
অনলাইন ডেস্ক
এবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে চেয়ে চিঠি লিখেছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী এবং পলাতক স্বৈরাচার শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক। তিনি ড. ইউনূসের সঙ্গে আলাপ করে কিছু কথিত ভুল বোঝাবুঝির অবসান করতে চান।
বাংলাদেশে দুর্নীতির অভিযোগে আনা হয়েছে টিউলিপের বিরুদ্ধে, তদন্তও চলছে। আর এ বিষয়ক ভুল বোঝাবুঝি দূর করতেই ড. ইউনূসের লন্ডন সফরে তার সাক্ষাৎ চেয়েছেন টিউলিপ। আর সেজন্য ইউনূসকে হাউস অব কমন্সে মধ্যাহ্নভোজ বা বিকেলের চা পানের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
টিউলিপের খালা শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত সপ্তাহে তার অনুপস্থিতিতেিই বিচারের মুখোমুখি হন। দুদক টিউলিপের বিরুদ্ধে হাসিনার ১৭ বছরের শাসনামলে নানা ধরনের সুবিধা নেওয়ার অভিযোগ এনেছে।
দুদক দাবি করেছে যে, টিউলিপ বা তার মা শেখ রেহানা ‘ক্ষমতা ও প্রভাবের অপব্যবহার’ করে ৭২০০ বর্গফুট জমির মালিক হয়েছেন।
ব্রিটেনের মন্ত্রী পর্যায়ের মানবিষয়ক উপদেষ্টা লরি ম্যাগনাস তাকে যেকোনো অন্যায় থেকে অব্যাহতিও দিয়েছিলেন। তবে রহস্যময়ভাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ট্রেজারি ও নগর মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন টিউলিপ। এরপর থেকেই তিনি ব্রিটিশ রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়তে থাকেন।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেল পুরস্কাজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে লেখা এক চিঠিতে টিউলিপ আগামী সপ্তাহে লন্ডন সফরের সময় চলমান বিতর্ক নিয়ে আলোচনা করার সুযোগ চেয়েছেন। সেখানে ড. ইউনূস রাজা চার্লস এবং ডাউনিং স্ট্রিটে কিয়ার স্টারমারের সঙ্গে দেখা করবেন।
