প্রধান বিচারপতির সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
অনলাইন ডেস্ক
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিসতিয়াগা ওচহোয়া ডি চিনচিত্রু।
সোমবার সুপ্রিম কোর্টে এসে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত।
এক বার্তায় সুপ্রিম কোর্ট জানায়, পারস্পরিক কুশলতা বিনিময়ের পাশাপাশি তারা বাংলাদেশ ও স্পেনের ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি সাম্প্রতিক সময়ে দেশের বিচার বিভাগ এর স্বাধীনতা নিশ্চিতকরণে বাংলাদেশের প্রধান বিচারপতি নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন স্পেনের রাষ্ট্রদূত।
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী দিনগুলোতে দেশে সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির বলিষ্ঠ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এছাড়া, বাংলাদেশে একটি শক্তিশালী বিচার বিভাগ গঠনে তার দেশ সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত বলে প্রধান বিচারপতিকে অবহিত করেন তিনি। বিশেষ করে, বিচার বিভাগের আধুনিকায়নে প্রয়োজনীয় টেকনিক্যাল সাপোর্ট দিতে তিনি আগ্রহ প্রকাশ করেন।
স্পেনের রাষ্ট্রদূতকে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধান বিচারপতি। এছাড়া, বিচার বিভাগের আধুনিকায়ন ও বিচার বিভাগ পৃথকীকরণের প্রাতিষ্ঠানিকীকরণে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
বিশেষ করে তিনি উল্লেখ করেন, ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সংঘটিত জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশের বিচার বিভাগ দেশে মানবাধিকারের সর্বোচ্চ সুরক্ষা প্রদানে বদ্ধ পরিকর রয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
