প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে দেশে ফিরলেন সৌদিতে অসুস্থ নুর ইসলাম

মাদারীপুর প্রতিনিধি

সৌদি আরবের রিয়াদে দীর্ঘদিন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবশেষে দেশে ফিরেছেন মাদারীপুরের কালকিনির প্রবাসী মো. নুর ইসলাম তালুকদার। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে চিকিৎসা ও দেশে ফেরার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়লে তার পাশে দাঁড়ান প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

নুর ইসলাম তালুকদার (৫০) কালকিনি উপজেলার কোলচুরি সস্তাল এলাকার বাসিন্দা। তিনি মো. হাবিবুর রহমান তালুকদারের ছেলে।

গণঅধিকার পরিষদ মাদারীপুর শাখার সাংগঠনিক সম্পাদক মো. মামুন হাওলাদার জানান, সৌদি আরবের রিয়াদে কর্মরত অবস্থায় নুর ইসলাম অসুস্থ হয়ে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। একপর্যায়ে তার পরিবারের সদস্যরা জানান, আর্থিক সংকটের কারণে নুর ইসলামের চিকিৎসা চালিয়ে যাওয়া এবং তাকে দেশে ফিরিয়ে আনার মতো সক্ষমতা তাদের নেই।

বিষয়টি জানতে পেরে মামুন হাওলাদার প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরকে অবহিত করেন। পরে প্রতিমন্ত্রীর উদ্যোগ ও সহযোগিতায় অসুস্থ নুর ইসলামের হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

এরপর নুর ইসলামকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। এ জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও বায়োডাটা সংগ্রহ করে মন্ত্রণালয়ে জমা দেওয়ার নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করেন মামুন হাওলাদার।

দীর্ঘ প্রক্রিয়া শেষে গত ১৪ আগস্ট ২০২৬ নুর ইসলাম তালুকদার দেশে ফিরতে সক্ষম হন। বর্তমানে তিনি পরিবারের কাছে রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মামুন হাওলাদার বলেন, “নুর ইসলাম দীর্ঘদিন বিদেশের মাটিতে অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন। তার পরিবারের পক্ষ থেকে চিকিৎসা ও দেশে ফেরানোর খরচ বহন করা সম্ভব হচ্ছিল না। বিষয়টি প্রতিমন্ত্রী নুরুল হক নুরকে জানানোর পর তিনি দ্রুত সহযোগিতার উদ্যোগ নেন। তার নির্দেশনা ও সহযোগিতায় প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে নুর ইসলামকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।”

তিনি আরও বলেন, একজন অসহায় প্রবাসীকে বিদেশের মাটিতে চিকিৎসা ও পরে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারাটা আমাদের জন্য মানবিক দায়িত্বের অংশ। ভবিষ্যতেও প্রবাসী ও দেশের সাধারণ মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে চাই।

দীর্ঘদিন পর অসুস্থ নুর ইসলাম দেশে ফিরে পরিবারের কাছে পৌঁছানোয় স্বস্তি ফিরেছে তার স্বজনদের মধ্যে। অসুস্থ নুর ইসলাম তালুকদার বলেন ভেবেছিলাম আর দেশে ফিরতে পারবো না। তাদের সহযোগিতার দেশে আসতে পেরেছি তাই তাদের কাছে কৃতজ্ঞ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights