প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা উন্নত করাই লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‘আমাদের লক্ষ্য হলো প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা উন্নত করা। আজকে রাঙ্গুনিয়া উপজেলা, রাঙামাটির কোনো মানুষকে সেখানেই যদি ভালো চিকিৎসা দিতে পারি, তাহলে মেডিকেলের ওপর থেকে চাপ কমবে।’

শনিবার (২৭ জানুয়ারি) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ৩০ শয্যার আইসিইউ ওয়ার্ড উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। চমেক হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে ২০ শয্যার আইসিইউ ওয়ার্ড নিয়ে দীর্ঘ সময় ধরে সেবা দিয়ে আসছিলো। নতুন ইউনিট যুক্ত হওয়ার ফলে বর্তমানে এই হাসপাতালে আইসিইউ শয্যার সংখ্যা ৫০টি।

নতুন আইসিইউ উদ্বোধনের সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি এই কলেজের প্রাক্তন ছাত্র। চমেকের ছাত্র হিসেবে এটি উদ্বোধন করতে পেরে আজ নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আশা করছি, মুমূর্ষু রোগীদের জন্য এই ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
পরে তিনি চমেকে প্রস্তাবিত পূর্ণাঙ্গ বার্ন ইউনিটের জায়গা পরিদর্শন করে বলেন, ‘এই প্রকল্পে শুধু ডিপিপি পাস হওয়ার অপেক্ষা। রবিবার প্রিএকনেক মিটিংয়ে এই বার্ন ইউনিটের বিষয়টি তোলা হবে। এরপর ডিপিপি পাস হলেই দ্রুত ১৫০ শয্যাবিশিষ্ট বার্ন ইউনিটের নির্মাণকাজ শুরু করা হবে। এই বার্ন ইউনিটে অত্যাধুনিক আইসিইউ, এইচডিইউ ও ওটি সুবিধা থাকবে।’

পরে তিনি চমেকের প্রধান ছাত্রাবাসে গিয়ে ছাত্রজীবনে যে কক্ষে থাকতেন সেই কক্ষে কিছুক্ষণ সময় কাটান। এসময় তার সাথে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ শাহেনা আক্তারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী হাসপাতালের কনফারেন্স রুমে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, চট্টগ্রাম, কক্সবাজার এবং রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights