প্রিন্স হ্যারিকে আমেরিকা ছাড়া করবেন?

অনলাইন ডেস্ক

দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্টের মসনদে বসেই অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠাতে শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। এরই অংশ হিসেবে ব্রিটেনের রাজকুমার হ্যারিকে নিয়ে প্রশ্নের মুখোমুখি হলেন ট্রাম্প।

হ্যারিকে ‘অবৈধবাসী’হিসেবে চিহ্নিত করে তাকে দেশে ফেরত পাঠিয়ে দেবেন কি না, সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এখনই তেমন কোনও ভাবনা নেই।

সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি এখনই এটা করতে চাই না। ওকে (হ্যারিকে) ছেড়ে দিতে চাই। নিজের স্ত্রীকে নিয়ে যথেষ্ট সমস্যায় আছেন তিনি। আর সমস্যা বাড়াতে চাই না।”

২০২০ সালে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল ব্রিটেনের রাজপরিবার ছেড়ে আমেরিকায় পাড়ি জমান। ক্যালিফোর্নিয়ায় স্থায়ীভাবে থাকতে শুরু করেন তারা। পরে হ্যারির আমেরিকার ভিসার বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছিল। অভিযোগ, ভুল তথ্য দিয়ে ভিসার আবেদন করেছিলেন ব্রিটেনের রাজকুমার। নিজের মাদক সেবন সংক্রান্ত কিছু তথ্য তিনি গোপন করেছিলেন। আমেরিকার নির্দিষ্ট কিছু ভিসার আবেদনে অতীতে মাদক সেবনের রেকর্ড আছে কি না, জানতে চাওয়া হয়। মাদক সেবন করে থাকলে ভিসা বাতিল করা হয়। হ্যারি ভিসার আবেদনে জানান, তিনি কোনও মাদক সেবন করেননি। কিন্তু বিতর্ক দানা বাঁধে তার আত্মজীবনী প্রকাশের পর। সেখানে মাদক সেবনের কথা উল্লেখ করেছিলেন প্রিন্স হ্যারি। সূত্র: নিউ ইয়র্ক পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights